অস্বাস্থ্যকর পরিবেশে বেকারি পণ্য তৈরি, দক্ষিণ বাড্ডার প্রতিষ্ঠানকে লাখ টাকা জরিমানা
অস্বাস্থ্যকর পরিবেশে ব্রেড, বিস্কুট ও কেক উৎপাদন এবং প্রয়োজনীয় মান সনদ ছাড়াই পণ্য তৈরি, বিক্রি ও বিতরণের দায়ে রাজধানীর দক্ষিণ বাড্ডার একটি বেকারিকে এক লাখ টাকা জরিমানা করেছে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই)।
বুধবার (৪ নভেম্বর) ঢাকা মহানগরীর বাড্ডা থানাধীন দারোগা বাড়ির মোড় এলাকায় ‘নিউ বি-বাড়িয়া বেকারী অ্যান্ড সুইটস’ নামের প্রতিষ্ঠানটির কারখানায় অভিযান চালিয়ে এ জরিমানা করা হয়।
বিএসটিআইয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মাহবুবুল ইসলামের নেতৃত্বে এবং ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) সহযোগিতায় এ ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়।
অভিযানকালে প্রতিষ্ঠানটির সিএম লাইসেন্স ও মোড়কজাত নিবন্ধন সনদ যাচাই করা হলে কোনো সনদ পাওয়া যায়নি। এ ছাড়া অস্বাস্থ্যকর পরিবেশে বেকারি পণ্য উৎপাদন, বিক্রি ও বিতরণের প্রমাণ মেলে। এসব অপরাধে বিএসটিআইয়ের আইন অনুযায়ী প্রতিষ্ঠানটিকে এক লাখ টাকা জরিমানা করা হয়।
একই সঙ্গে আগামী সাত কর্মদিবসের মধ্যে সিএম লাইসেন্স গ্রহণ এবং মোড়কজাত নিবন্ধন সনদের জন্য আবেদন করার নির্দেশ দেওয়া হয়েছে। অন্যথায় বিধি অনুযায়ী পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে প্রতিষ্ঠানটিকে সতর্ক করা হয়।
অভিযানে বিএসটিআইয়ের প্রসিকিউটিং কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করেন ফিল্ড অফিসার ফারদিন ইসলাম এবং পরিদর্শক (মেট্রোলজি) তৌহিদুল ইসলাম।
বিএসটিআই জানিয়েছে, জনস্বার্থে মানসম্মত পণ্য উৎপাদন নিশ্চিত করা, অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যপণ্য উৎপাদন বন্ধ এবং আইন ও বিধিবিধান বাস্তবায়নে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
