জাতিসংঘ মিশনে কাটছাঁটের মধ্যেও বাড়ছে সামরিক সহযোগিতা, বিদেশে দায়িত্বে সেনাসদস্য
সামাজিক যোগাযোগমাধ্যমে নানা অপপ্রচার ও বিভ্রান্তিকর তথ্য ছড়ানোর মধ্যেও আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের সশস্ত্র বাহিনীর অবস্থান সুদৃঢ় রয়েছে বলে দাবি করছেন সংশ্লিষ্ট সামরিক ও কূটনৈতিক বিশ্লেষকেরা। তাঁদের মতে, জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে বিশ্বব্যাপী সদস্যসংখ্যা কমলেও বাংলাদেশের অবস্থান শীর্ষ শান্তিরক্ষী প্রেরণকারী দেশগুলোর মধ্যে রয়েছে। একই সঙ্গে বিভিন্ন দেশের সঙ্গে বাড়ছে দ্বিপাক্ষিক সামরিক সহযোগিতা।
সংশ্লিষ্ট সূত্রের দাবি, সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের পলাতক দলীয় প্রধান শেখ হাসিনার কথিত একটি অডিও-ভিডিও বার্তাকে কেন্দ্র করে বাংলাদেশ সেনাবাহিনী ও দেশের পরিস্থিতি নিয়ে বিভ্রান্তিকর তথ্য ছড়ানো হচ্ছে। ‘নিউ ইয়র্ক বাংলা লাইফ’ নামে একটি ইউটিউব চ্যানেলে প্রকাশিত ওই বার্তায় জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে বাংলাদেশের অংশগ্রহণ কমে যাওয়া নিয়ে অসত্য তথ্য দেওয়ার পাশাপাশি ‘প্রতিটি ফোঁটা রক্তের হিসাব নেওয়ার’ মতো উসকানিমূলক বক্তব্য দেওয়া হয়েছে বলে অভিযোগ উঠেছে।
সামরিক ও কূটনৈতিক বিশ্লেষকদের মতে, ছাত্র-জনতার আন্দোলনে প্রাণহানির দায় এড়ানো এবং প্রবাসীদের আবেগকে কাজে লাগিয়ে দেশে অস্থিতিশীলতা তৈরির উদ্দেশ্যে এ ধরনের বক্তব্য দেওয়া হচ্ছে। তবে তাঁদের দাবি, বাস্তব তথ্য-উপাত্তে আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের সশস্ত্র বাহিনীর গ্রহণযোগ্যতা কমার কোনো চিত্র নেই; বরং বিভিন্ন দেশের সঙ্গে সামরিক সহযোগিতা বাড়ছে।
জাতিসংঘ মিশনে সদস্য কমার কারণ
সংশ্লিষ্ট সূত্রগুলোর ভাষ্য, জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে বাংলাদেশের শান্তিরক্ষীর সংখ্যা কমে যাওয়াকে অভ্যন্তরীণ বা কূটনৈতিক ব্যর্থতা হিসেবে দেখার সুযোগ নেই। ২০১৮ সালের পর থেকে বৈশ্বিক ভূরাজনৈতিক পরিবর্তন এবং জাতিসংঘের প্রধান অর্থায়নকারী দেশগুলোর—বিশেষ করে যুক্তরাষ্ট্রের—নীতিগত পরিবর্তনের কারণে শান্তিরক্ষা কার্যক্রমে অর্থায়ন ও বাজেট সংকট তৈরি হয়েছে। এর প্রভাব পড়েছে বিশ্বজুড়ে মিশনগুলোর ওপর।
সূত্রের দেওয়া তথ্য অনুযায়ী, ২০২৬-২৭ অর্থবছরে জাতিসংঘের শান্তিরক্ষা বাজেট ১০ শতাংশের বেশি কমিয়ে ৫ দশমিক ১ বিলিয়ন ডলারে নামিয়ে আনা হয়েছে। এর ফলে বিশ্বব্যাপী শান্তিরক্ষীর সংখ্যা প্রায় ২৫ শতাংশ কমানো হয়েছে। মালি মিশনের পর গত ১ নভেম্বর পশ্চিম সাহারায় ৩৫ বছর ধরে চলা মিশনও বন্ধ হয়েছে বলে সূত্রগুলো জানিয়েছে।
এমন পরিস্থিতিতেও বাংলাদেশ শীর্ষ শান্তিরক্ষী প্রেরণকারী দেশগুলোর তালিকায় প্রথম থেকে চতুর্থ অবস্থানের মধ্যে নিজেদের অবস্থান ধরে রেখেছে বলে দাবি সংশ্লিষ্টদের।
জাতিসংঘের বাইরেও বিদেশে দায়িত্বে সেনাসদস্য
শুধু জাতিসংঘ শান্তিরক্ষা মিশন নয়, বিভিন্ন দেশের দ্বিপাক্ষিক ও হাইব্রিড মিশনেও বাংলাদেশের সেনাসদস্যরা দায়িত্ব পালন করছেন। সংশ্লিষ্ট সূত্রের তথ্য অনুযায়ী, বর্তমানে ৩ হাজার ৪০০ জনের বেশি সেনাসদস্য এ ধরনের মিশনে নিয়োজিত রয়েছেন।
অপারেশন কুয়েত পুনর্গঠনে (ওকেপি) কর্মরত ও অবসরপ্রাপ্ত মিলিয়ে বাংলাদেশের মোট ৫ হাজার ৭৬৮ জন সদস্য নিয়োজিত রয়েছেন বলে জানানো হয়েছে। অন্যদিকে, হাইতিতে গ্লোবাল সিকিউরিটি ফোর্সের (জিএসএফ) আওতায় গত অক্টোবর থেকে ২০২৭ সালের জানুয়ারির মধ্যে মোট ১ হাজার ৪০০ সদস্য সংযোজনের প্রক্রিয়া চলছে। এরই মধ্যে ২৩০ সদস্যের একটি অগ্রগামী দল হাইতিতে অবস্থান করছে।
কাতার-সৌদি আরবে বাড়ছে সামরিক সহযোগিতা
মধ্যপ্রাচ্যের দেশগুলোর সঙ্গেও বাংলাদেশের দ্বিপাক্ষিক সামরিক সম্পর্ক সম্প্রসারিত হচ্ছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র। এতে দেশের অর্থনীতি ও বৈদেশিক মুদ্রা অর্জনের সুযোগ বাড়বে বলেও মনে করছেন সংশ্লিষ্টরা।
গত ৩০ সেপ্টেম্বরের সরকারি রেকর্ড অনুযায়ী, কাতারে কর্মরত বাংলাদেশ মিলিটারি কন্টিনজেন্টের (বিএমসি) সদস্যসংখ্যা বেড়ে ৫ হাজার ৭৬৭ জনে দাঁড়িয়েছে।
এ ছাড়া কাতারের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীন কোস্ট অ্যান্ড বর্ডার সিকিউরিটিতে (কিউসিবিএস) বাংলাদেশ নৌবাহিনীর ১৩৭ জন সদস্য দায়িত্ব পালন করছেন। আগামী ৫ নভেম্বর আরও ২৪ জন সদস্য যোগ দিলে সেখানে নৌবাহিনীর সদস্যসংখ্যা হবে ১৬১। পাশাপাশি কাতার সশস্ত্র বাহিনীর বিভিন্ন স্তরে বাংলাদেশ সেনা, নৌ ও বিমানবাহিনীর জন্য আরও ৫০০টি পদে নিয়োগের প্রক্রিয়া চলছে। আগামী চার থেকে পাঁচ মাসের মধ্যে এ প্রক্রিয়া শেষ হওয়ার কথা রয়েছে।
কাতারের পাশাপাশি সৌদি আরবেও নতুন মেরিটাইম অ্যালায়েন্সের আওতায় বাংলাদেশের সদস্য মোতায়েনের পরিকল্পনা রয়েছে। এর মধ্যে দুটি ফ্রিগেট, একটি এয়ার ডিফেন্স (এডি) ব্যাটারি এবং মোট ১ হাজার সদস্য অন্তর্ভুক্ত থাকার কথা।
সংশ্লিষ্ট সামরিক ও কূটনৈতিক বিশ্লেষকদের মতে, বৈশ্বিক অর্থনৈতিক সংকট ও জাতিসংঘের শান্তিরক্ষা মিশন সংকোচনের মধ্যেও বিভিন্ন আন্তর্জাতিক ও দ্বিপাক্ষিক মিশনে বাংলাদেশের অংশগ্রহণ এবং সহযোগিতার পরিধি বাড়ছে। তাঁদের দাবি, এসব উদ্যোগ আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের সশস্ত্র বাহিনীর গ্রহণযোগ্যতা ও সক্ষমতারই প্রতিফলন।
