শ্রমিক আন্দোলনে ‘পাশের দেশের ইন্ধন’, কাজে ফেরার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর
শ্রমিকদের আন্দোলনের নামে একটি পক্ষ দেশে অস্থিতিশীল পরিস্থিতি তৈরির চেষ্টা করছে এবং এতে পার্শ্ববর্তী দেশ থেকে ইন্ধন দেওয়া হচ্ছে বলে অভিযোগ করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তাঁর দাবি, চলমান এই আন্দোলন শ্রমিকদের প্রকৃত আন্দোলন নয়।
বুধবার (৪ নভেম্বর) বিকেলে সচিবালয়ে সাংবাদিকদের ব্রিফিংয়ে স্বরাষ্ট্রমন্ত্রী এসব কথা বলেন।
সালাহউদ্দিন আহমদ বলেন, সরকার ধৈর্যের সঙ্গে পরিস্থিতি মোকাবিলা করছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে প্রয়োজনের অতিরিক্ত বলপ্রয়োগ না করার নির্দেশ দেওয়া হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার পাশাপাশি শ্রমিকদের স্বাভাবিক কাজে ফিরে যাওয়ার আহ্বান জানান তিনি।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, শ্রমিকদের যৌক্তিক মজুরি নির্ধারণে মজুরি বোর্ড কাজ শুরু করেছে। নির্ধারিত সময়ের আগেই বোর্ড এ বিষয়ে সুপারিশ করবে বলে আশা করছে সরকার।
তিনি আরও জানান, আগামী জানুয়ারি থেকে শ্রমিকেরা নতুন মজুরি পাবেন। শ্রমিকদের জীবনমান উন্নয়নে প্রধানমন্ত্রী নির্দেশনা দিয়েছেন বলেও উল্লেখ করেন স্বরাষ্ট্রমন্ত্রী।
