ফতুল্লায় সংঘর্ষ, শ্রমিকদের ছত্রভঙ্গ করতে টিয়ার শেল-সাউন্ড গ্রেনেড
ছবি সংগৃহীত
ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা করার দাবিতে নারায়ণগঞ্জের ফতুল্লায় বিক্ষোভে নেমেছেন পোশাকশ্রমিকেরা। এ সময় শ্রমিকদের সঙ্গে পুলিশের দফায় দফায় ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ টিয়ার শেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করেছে। এ ঘটনায় কয়েকজন শ্রমিককে আটক করা হয়েছে। বুধবার দুপুর সাড়ে ১২টার দিকে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।
বুধবার (৪ নভেম্বর) সকালে সদর উপজেলার ফতুল্লার কাঠেরপুল এলাকায় মাইক্রোফাইবার, লিবার্টিসহ আশপাশের কয়েকটি পোশাক কারখানার শ্রমিকেরা ৩০ হাজার টাকা ন্যূনতম মজুরির দাবিতে কারখানা থেকে বেরিয়ে সড়কে জড়ো হন।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, সকালে শ্রমিকেরা কাঠেরপুল এলাকায় বিক্ষোভ শুরু করেন। একপর্যায়ে আশপাশের অন্য কারখানার শ্রমিকদেরও কর্মস্থল থেকে বের করে আনার চেষ্টা করেন তাঁরা। এ সময় বিভিন্ন স্থানে ইটপাটকেল নিক্ষেপ ও সড়কে আগুন জ্বালিয়ে অবরোধের চেষ্টা করা হয়। এতে হাজীগঞ্জ-পোস্ট অফিস সড়কে যান চলাচল ব্যাহত হয়।
পরে বিক্ষুব্ধ শ্রমিকেরা একত্র হয়ে ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডের শিবু মার্কেট এলাকায় যাওয়ার চেষ্টা করেন। এ সময় শিল্প পুলিশ ও থানা-পুলিশ তাঁদের বাধা দেয়। শ্রমিকদের সড়ক থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা করলে দুই পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়া শুরু হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ টিয়ার শেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে। একপর্যায়ে শ্রমিকেরা ছত্রভঙ্গ হয়ে যান।
শিল্প পুলিশ-৪-এর পুলিশ সুপার আব্দুল্লাহ আল মাহমুদ বলেন, মাইক্রোফাইবার কারখানার শ্রমিকেরা কারখানা থেকে বেরিয়ে আশপাশের অন্য কারখানার শ্রমিকদেরও বের করে আনার চেষ্টা করেন। পুলিশ তাঁদের ছত্রভঙ্গ করে দিয়েছে। এ ঘটনায় কয়েকজনকে আটক করা হয়েছে। যেকোনো মূল্যে শ্রমিকদের সড়ক অবরোধ করতে দেওয়া হবে না।
তিনি জানান, দুপুর সাড়ে ১২টার দিকে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। তবে অপ্রীতিকর ঘটনা এড়াতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে অবস্থান করছিলেন।
এর আগে গত দুই দিন ধরে একই দাবিতে ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডের শিবু মার্কেট ও জালকুড়ি এলাকায় সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন পোশাকশ্রমিকেরা। ওই সময়ও পুলিশের সঙ্গে তাঁদের ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটে। এতে প্রায় চার ঘণ্টা ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডে যান চলাচল বন্ধ থাকে। পরে পুলিশ টিয়ার শেল নিক্ষেপ ও ধাওয়া দিয়ে শ্রমিকদের সরিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
এদিকে, বুধবারের ঘটনায় ছয়জনকে আটকের কথা জানিয়েছেন নারায়ণগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও অপারেশন) তারেক আল মেহেদী। বর্তমানে ফতুল্লার কাঠেরপুলসহ আশপাশের এলাকায় পরিস্থিতি শান্ত রয়েছে।
