৭ নভেম্বর থেকে ঢাকা-দাম্মাম ফ্লাইট চালু, স্থগিত থাকবে রিয়াদ রুট
সৌদি আরবে সাম্প্রতিক বিমান হামলার পরিপ্রেক্ষিতে নিরাপত্তা বিবেচনায় নিয়ে ফ্লাইট পরিচালনায় নতুন সিদ্ধান্ত নিয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। আগামী ৭ নভেম্বর থেকে ঢাকা-দাম্মাম-ঢাকা রুটে নিয়মিত ফ্লাইট পুনরায় চালু হবে। তবে পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত ঢাকা-রিয়াদ-ঢাকা রুটের ফ্লাইট স্থগিত থাকবে।
মঙ্গলবার (৩ নভেম্বর) বিকেলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স।
বিজ্ঞপ্তিতে বিমান বাংলাদেশ জানিয়েছে, যাত্রীদের নিরাপত্তা ও সৌদি আরবের সার্বিক পরিস্থিতি বিবেচনায় ফ্লাইট পরিচালনার সময়সূচিতে প্রয়োজনীয় সমন্বয় করা হয়েছে। এর আওতায় আগামী ৭ নভেম্বর থেকে দাম্মাম রুটে প্রতিদিন ফ্লাইট পরিচালনা করা হবে। তবে নিরাপত্তার স্বার্থে পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত এসব ফ্লাইট শুধু দিনের বেলায় চলাচল করবে।
এদিকে, সৌদির রাজধানী রিয়াদগামী যাত্রীদের উল্লেখযোগ্য অংশ বিকল্প পথে সৌদি আরবে যাতায়াত করায় এ রুটে বর্তমানে পর্যাপ্ত যাত্রী চাহিদা নেই। এ কারণে ঢাকা-রিয়াদ-ঢাকা রুটের ফ্লাইট পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত স্থগিত রাখার সিদ্ধান্ত নিয়েছে বিমান বাংলাদেশ।
