পুলিশের ছয় কর্মকর্তার রদবদল, চার জেলায় নতুন এসপি
বাংলাদেশ পুলিশের ছয় কর্মকর্তাকে বদলি ও পদায়ন করেছে সরকার। এর মধ্যে চার জেলায় নতুন পুলিশ সুপার (এসপি) নিয়োগ দেওয়া হয়েছে। জেলাগুলো হলো নীলফামারী, মুন্সীগঞ্জ, জামালপুর ও বরগুনা। এ ছাড়া পুলিশের অপরাধ তদন্ত বিভাগে (সিআইডি) একজন বিশেষ পুলিশ সুপার এবং ঢাকা মহানগর পুলিশে (ডিএমপি) একজন উপপুলিশ কমিশনার পদায়ন করা হয়েছে।
মঙ্গলবার (৩ নভেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুলিশ-১ শাখা থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়।
প্রজ্ঞাপন অনুযায়ী, নীলফামারীর বর্তমান পুলিশ সুপার মো. ফরহাদ হোসেন খাঁনকে সিআইডির বিশেষ পুলিশ সুপার করা হয়েছে। তার স্থলাভিষিক্ত হয়েছেন মুন্সীগঞ্জের পুলিশ সুপার মো. মেনহাজুল আলম।
মুন্সীগঞ্জের পুলিশ সুপার হিসেবে দায়িত্ব পাচ্ছেন এসআরবির উপপরিচালক (পুলিশ সুপার) মো. বদরুদ্দোজা। নেত্রকোণার পুলিশ সুপার হিসেবে তার বদলির আগের আদেশ বাতিল করে তাকে মুন্সীগঞ্জে পদায়ন করা হয়েছে।
জামালপুরের বর্তমান পুলিশ সুপার মোছা. ফারহানা ইয়াসমিনকে ডিএমপির উপপুলিশ কমিশনার করা হয়েছে। তার স্থলাভিষিক্ত হয়েছেন বরগুনার বর্তমান পুলিশ সুপার মো. কুদরত ই খুদা।
অন্যদিকে, বরগুনার নতুন পুলিশ সুপার হিসেবে পদায়ন পেয়েছেন এসআরবির পুলিশ সুপার কে এম এ মামুন খান চিশতী।
এ ছাড়া গত ২২ সেপ্টেম্বর জারি করা প্রজ্ঞাপনে নেত্রকোণার পুলিশ সুপার মো. তরিকুল ইসলামকে সিআইডির বিশেষ পুলিশ সুপার হিসেবে বদলির আদেশ বাতিল করা হয়েছে।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, জনস্বার্থে জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।
