অটোরিকশা নিবন্ধন কার্যক্রম শুরু আজ, এককালীন ফি কত?
ছবি: সংগৃহীত
ব্যাটারিচালিত অটোরিকশা বা ই-রিকশার নিবন্ধন কার্যক্রম শুরু হয়েছে। নতুন বিধিমালা অনুযায়ী, দুই যাত্রী ধারণক্ষমতার ই-রিকশার জন্য এককালীন ৮ হাজার টাকা এবং চার যাত্রী ধারণক্ষমতার ই-রিকশার জন্য ১০ হাজার টাকা নিবন্ধন ফি দিতে হবে। নিবন্ধনের মেয়াদ হবে ১২ বছর। তবে প্রতি বছর নিবন্ধন নবায়ন করতে হবে।
রোববার (১ নভেম্বর) সচিবালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম। তিনি বলেন, সোমবার থেকে দেশের ১৩টি সিটি করপোরেশন এলাকায় ই-রিকশার নিবন্ধন কার্যক্রম শুরু করা যাবে।
নতুন নিয়মে দুই আসনের ই-রিকশার বার্ষিক নবায়ন ফি নির্ধারণ করা হয়েছে ৪ হাজার টাকা। চার আসনের ক্ষেত্রে দিতে হবে ৫ হাজার টাকা। এ ছাড়া প্রতিটি ই-রিকশার ফিটনেস সনদের জন্য এক হাজার টাকা ফি দিতে হবে।
নিবন্ধন সম্পন্ন হলে প্রতিটি ই-রিকশার জন্য কিউআর কোডযুক্ত নম্বরপ্লেট এবং প্রয়োজনীয় তথ্যসংবলিত ব্লু-বুক দেওয়া হবে। নম্বরপ্লেটের জন্য আলাদাভাবে এক হাজার টাকা দিতে হবে বলে জানিয়েছেন প্রতিমন্ত্রী।
নতুন বিধিমালায় নিবন্ধন ও ফিটনেস সনদ ছাড়া ই-রিকশা চালানোর সুযোগ রাখা হয়নি। একই সঙ্গে জাতীয় মহাসড়ক, এক্সপ্রেসওয়ে এবং প্রধান বাস চলাচলের সড়কে এসব যান চলাচল নিষিদ্ধ করা হয়েছে। ই-রিকশার সর্বোচ্চ গতি, যাত্রী ধারণক্ষমতা ও চলাচলের নির্দিষ্ট রুটও কর্তৃপক্ষ ঠিক করে দেবে।
প্রযুক্তিগত ও নিরাপত্তার বিষয়েও থাকছে নতুন শর্ত। প্রতিটি ই-রিকশাকে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) নির্ধারিত মান পূরণ করতে হবে। আগে থেকে চলাচল করা ই-রিকশাগুলোকেও প্রয়োজনীয় কাঠামোগত পরিবর্তন করে অনুমোদন নিতে হবে।
ঢাকার দুই সিটি করপোরেশন এলাকায় ই-রিকশা চলাচল নিয়ন্ত্রণে আটটি পৃথক অঞ্চল নির্ধারণের পরিকল্পনা রয়েছে। প্রতিটি অঞ্চলের জন্য থাকবে আলাদা রং, যাতে নির্দিষ্ট এলাকার যানবাহন সহজে শনাক্ত করা যায়।
তবে নিবন্ধন কার্যক্রম শুরু হওয়ার সঙ্গে সঙ্গেই সব অনিবন্ধিত ই-রিকশা সড়ক থেকে সরিয়ে দেওয়া হবে না। প্রতিমন্ত্রী জানিয়েছেন, নিবন্ধন এবং অবৈধ যানবাহন অপসারণের কাজ পর্যায়ক্রমে পরিচালনা করা হবে।
