বাংলাদেশ-যুক্তরাষ্ট্র বিমান বাহিনীর পাঁচ দিনের যৌথ মহড়া শুরু
বাংলাদেশ বিমান বাহিনী ও যুক্তরাষ্ট্রের প্যাসিফিক এয়ার ফোর্সের (পিএসিএএফ) অংশগ্রহণে পাঁচ দিনব্যাপী যৌথ সামরিক মহড়া ‘এক্সারসাইজ কোপ সাউথ-২০২৬’ শুরু হয়েছে। রোববার (১ নভেম্বর) ঢাকা সেনানিবাসে বাংলাদেশ বিমান বাহিনী ঘাঁটি বীর উত্তম এ কে খন্দকারে এ মহড়ার উদ্বোধন করা হয়।
আইএসপিআর এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, সশস্ত্র বাহিনী বিভাগের নির্দেশনা ও বাংলাদেশ বিমান বাহিনীর সার্বিক ব্যবস্থাপনায় আয়োজিত এ মহড়ায় বাংলাদেশের ১২০ জন এবং যুক্তরাষ্ট্রের প্যাসিফিক এয়ার ফোর্সের ১৮ জনসহ মোট ১৩৮ জন সদস্য অংশ নিচ্ছেন।
উদ্বোধনী অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন এ কে খন্দকার ঘাঁটির এয়ার অধিনায়ক এয়ার ভাইস মার্শাল হায়দার আব্দুল্লাহ। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকায় যুক্তরাষ্ট্র দূতাবাসের ভারপ্রাপ্ত মিশন ডেপুটি চিফ তৃষিতা মওলা।
জানা গেছে, এ মহড়ার মূল লক্ষ্য বিষয়ভিত্তিক মতবিনিময় ও অভিজ্ঞতা বিনিময়ের মাধ্যমে বাংলাদেশ বিমান বাহিনীর সদস্যদের পেশাগত দক্ষতা এবং কার্যসক্ষমতা বৃদ্ধি করা। পাশাপাশি দুই দেশের বিমান বাহিনীর মধ্যে পারস্পরিক সমন্বয় ও আন্তঃকার্যক্ষমতা বাড়ানো।
মহড়ায় সি-১৩০জে ও সি-১৩০বি বিমানের পরিচালনা ও রক্ষণাবেক্ষণ, বিমান চলাচলের নিরাপত্তা, বিপজ্জনক পদার্থ ব্যবস্থাপনা ও ঝুঁকি নিয়ন্ত্রণ, অ্যারোস্পেস মেডিসিন ও ফিজিওলজি, আকাশপথে পণ্য পরিবহনের কার্গো ব্যবস্থাপনা, বিমানঘাঁটির প্রতিরক্ষা ও নিরাপত্তা এবং দুর্ঘটনাজনিত অগ্নিকাণ্ডে উদ্ধার কার্যক্রম নিয়ে পেশাগত জ্ঞান ও অভিজ্ঞতা বিনিময় করা হবে।
এ ছাড়া সি-১৩০ বিমানের পরিচালনা ও রক্ষণাবেক্ষণ পদ্ধতির মানোন্নয়ন এবং ভবিষ্যৎ সক্ষমতা বৃদ্ধির বিষয়েও গুরুত্ব দেওয়া হবে।
সংশ্লিষ্টরা মনে করছেন, এ যৌথ মহড়ার মাধ্যমে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের বিমান বাহিনীর মধ্যে পেশাগত সহযোগিতা, পারস্পরিক সমন্বয় এবং অভিজ্ঞতা বিনিময়ের সুযোগ আরও সম্প্রসারিত হবে। একই সঙ্গে আধুনিক বিমান পরিচালনা, নিরাপত্তা ও উদ্ধার কার্যক্রমে বাংলাদেশ বিমান বাহিনীর সক্ষমতা বৃদ্ধিতে এ মহড়া ভূমিকা রাখবে।
