নভেম্বর মাসে যে দামে বিক্রি হবে পেট্রল-অকটেন-ডিজেল
সংগৃহীত ছবি
চলতি নভেম্বর মাসে ভোক্তা পর্যায়ে অপরিবর্তিত থাকছে জ্বালানি তেলের দাম। গত অক্টোবর মাসের নির্ধারিত দামেই বিক্রি হবে পেট্রল, অকটেন ও ডিজেল।
বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় থেকে জারি করা পত্র সূত্রে জানা যায়, নভেম্বর মাসে প্রতি লিটার পেট্রল ১৬০, ডিজেল ১৩৫ টাকা, অকটেন ১৬৫ ও কেরোসিন ১৫৫ টাকায় বিক্রি হবে। রোববার (১ নভেম্বর) থেকে নির্ধারিত এ দাম কার্যকর হবে। গত ২৯ অক্টোবর এ পরিপত্র জারি করা হয়।
এর আগে মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের প্রভাবে আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম ও ফ্রেইট চার্জ বৃদ্ধির কারণে গত ২০ সেপ্টেম্বর দেশের বাজারে সব ধরনের জ্বালানি তেলের দাম একলাফে লিটারে ২০ টাকা বাড়ানো হয়। ওইদিন সিনিয়র সহকারী সচিব মো. এনামুল হকের সই করা প্রজ্ঞাপনে দাম বাড়ানোর বিষয়টি জানানো হয়েছিল।
সে সময় প্রতি লিটার ডিজেলের দাম ১১৫ টাকা থেকে বাড়িয়ে ১৩৫ টাকা, অকটেন ১৪৫ থেকে বাড়িয়ে ১৬৫, পেট্রোল ১৪০ থেকে বাড়িয়ে ১৬০ এবং কেরোসিন ১৩৫ থেকে বাড়িয়ে ১৫৫ টাকা নির্ধারণ করা হয়।
