৩০ হাজার টাকা মজুরির দাবিতে ফের মিরপুরের সড়কে পোশাক শ্রমিকরা
সংগৃহীত ছবি
ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা করার দাবিতে আবারও ঢাকার মিরপুরের সড়কে নেমে বিক্ষোভ করছেন পোশাক শ্রমিকরা। শনিবার সকাল ১০টা থেকে মিরপুরের একাধিক স্থানে সড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেন বিভিন্ন পোশাক কারখানার কয়েকশ শ্রমিক। এতে ওই এলাকার বিভিন্ন সড়কে যান চলাচল ব্যাহত হচ্ছে।
পুলিশ জানিয়েছে, আশপাশের কয়েকটি পোশাক কারখানার শ্রমিকরা সড়কে নেমে বিক্ষোভ শুরু করলে যান চলাচল বন্ধ হয়ে যায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে এনে যান চলাচল স্বাভাবিক করতে শ্রমিকদের বুঝিয়ে সড়ক থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা চলছে।
শনিবার সকালে বিষয়টি নিশ্চিত করে পুলিশের মিরপুর বিভাগের উপকমিশনার হাসান মোহাম্মদ নাসের রিকাবদার বলেন, আশপাশের কয়েকটি পোশাক কারখানার কয়েকশ শ্রমিক সড়কে নেমে বিক্ষোভ করছেন। এতে যান চলাচল বন্ধ হয়ে গেছে। পুলিশ তাদের বুঝিয়ে সড়ক থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা করছে।
এদিকে ট্রাফিক মিরপুর বিভাগ তাদের ফেইসবুক পেইজে দেওয়া এক পোস্টে জানিয়েছে, গার্মেন্টস শ্রমিকদের আন্দোলনের কারণে মিরপুর-১০, মিরপুর-১১, মিরপুর-১২ ও প্রশিকা মোড় এলাকায় যান চলাচল ব্যাহত হচ্ছে।
যান চলাচল স্বাভাবিক রাখতে ট্রাফিক পুলিশ কাজ করছে জানিয়ে ওই এলাকার যাত্রীদের হাতে সময় নিয়ে চলাচলের অনুরোধ জানিয়েছে তারা।
এর আগে গত বৃহস্পতিবারও একই দাবিতে মিরপুরের একাধিক এলাকায় সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন পোশাক শ্রমিকরা। সপ্তাহের শেষ কর্মদিবসে কয়েক ঘণ্টার ওই অবরোধে মিরপুরের বিভিন্ন সড়কে তীব্র যানজট সৃষ্টি হয়। এতে কর্মস্থলগামী মানুষসহ সাধারণ যাত্রীদের ব্যাপক ভোগান্তিতে পড়তে হয়।
দুই দিনের ব্যবধানে একই দাবিতে শ্রমিকদের আবারও সড়কে নামার ঘটনায় মিরপুরের যান চলাচল পরিস্থিতি নতুন করে বিঘ্নিত হয়েছে।
