তাহসিফের মৃত্যু: তুরাগের তীরে মিলল মোটরসাইকেল
সংগৃহীত ছবি
বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা কে এম তাহসিফ সাউরির মৃত্যুর ঘটনায় ছায়া তদন্ত করছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। মামলাটি তদন্ত করছে নৌ-পুলিশ। তবে ঘটনাটি জাতীয়ভাবে গুরুত্বপূর্ণ হওয়ায় নৌ-পুলিশকে সহযোগিতার পাশাপাশি ছায়া তদন্ত চালিয়ে যাচ্ছে পিবিআই।
তদন্তসংশ্লিষ্ট সূত্র জানায়, তুরাগ নদ থেকে তাহসিফের মরদেহ উদ্ধারের পর নদীর আনুমানিক ৫০ গজ দূরে মাজার বস্তি এলাকায় একটি মোটরসাইকেলের সন্ধান পাওয়া গেছে। মোটরসাইকেলটি তাহসিফের কি না, তা যাচাই-বাছাই করা হচ্ছে। এ বিষয়ে প্রয়োজনীয় তথ্য-উপাত্ত ও আলামত পরীক্ষা করে দেখছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।
পিবিআই জানায়, এ ঘটনায় নৌ-পুলিশ মূল তদন্তকারী সংস্থা হিসেবে কাজ করছে। পুলিশের অন্যান্য ইউনিট যেভাবে নৌ-পুলিশকে সহযোগিতা করছে, একইভাবে পিবিআইও প্রয়োজনীয় তথ্য সংগ্রহ ও যাচাইয়ের মাধ্যমে সহায়তা করছে। তদন্তে পাওয়া সব তথ্য, আলামত ও সংশ্লিষ্ট উপকরণ নৌ-পুলিশের কাছে হস্তান্তর করা হচ্ছে এবং পরবর্তী সময়ে পাওয়া তথ্যও হস্তান্তর করা হবে।
উল্লেখ্য, গত ২৮ অক্টোবর রাজধানীর উত্তরখানের রাজাবাড়ী ঘাটসংলগ্ন তুরাগ নদ থেকে তাহসিফ সাউরির মরদেহ উদ্ধার করে নৌ-পুলিশ। এর আগে তিনি বাসা থেকে বের হওয়ার পর নিখোঁজ হন। তাঁর সঙ্গে সর্বশেষ দেখা হয়েছিল বন্ধু আহমেদ শাহরিয়ার রেজা দ্বীপের। এ ঘটনায় তাঁদের চলাচল ও সংশ্লিষ্ট বিভিন্ন তথ্য যাচাই-বাছাই করা হচ্ছে।
তাহসিফের মৃত্যুর প্রকৃত কারণ এবং ঘটনার পেছনের রহস্য উদ্ঘাটনে নৌ-পুলিশের তদন্তের পাশাপাশি ছায়া তদন্তের মাধ্যমে সহযোগিতা অব্যাহত রেখেছে পিবিআই।
