৩০ হাজার টাকা বেতনের দাবিতে মিরপুরে শ্রমিকদের অবরোধ, তীব্র যানজট
সকাল ১০টা থেকে সড়কে বিক্ষোভ, ভোগান্তিতে কর্মজীবী মানুষ
সংগৃহীত ছবি
মাসিক ন্যূনতম বেতন ৩০ হাজার টাকা করার দাবিতে রাজধানীর মিরপুরে সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন পোশাক শ্রমিকেরা। বৃহস্পতিবার সকাল ১০টা থেকে মিরপুর-১০ নম্বর গোলচত্বর ও আশপাশের এলাকায় শ্রমিকদের বিক্ষোভে যান চলাচল ব্যাহত হচ্ছে। এতে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে, ভোগান্তিতে পড়েছেন সাধারণ মানুষ।
ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মিরপুর বিভাগের উপকমিশনার হাসান মোহাম্মদ নাসের রিকাবদার এ তথ্য জানিয়েছেন।
পুলিশ জানায়, আশপাশের কয়েকটি পোশাক কারখানার কয়েকশ শ্রমিক সড়কে নেমে বিক্ষোভ শুরু করেন। একপর্যায়ে তাঁদের অবরোধের কারণে যান চলাচল বন্ধ হয়ে যায়।
উপকমিশনার নাসের রিকাবদার বলেন, পুলিশ শ্রমিকদের বুঝিয়ে রূপনগরের সড়ক থেকে সরিয়ে দেয়। তবে পরে মিরপুর সাড়ে ১১ নম্বর এলাকায় আরেক দল শ্রমিক এসে বিক্ষোভ শুরু করেন। এতে যান চলাচল স্বাভাবিক করা সম্ভব হয়নি।
এদিকে, শ্রমিকদের আন্দোলনের কারণে মিরপুর-১০ নম্বর গোলচত্বরে যান চলাচল সাময়িকভাবে ব্যাহত হচ্ছে বলে জানিয়েছে ট্রাফিক পুলিশের মিরপুর বিভাগ। বৃহস্পতিবার নিজেদের ফেসবুক পোস্টে এ তথ্য জানিয়ে পরিস্থিতি স্বাভাবিক করতে ট্রাফিক পুলিশ কাজ করছে বলেও উল্লেখ করা হয়।
সপ্তাহের শেষ কর্মদিবসে গুরুত্বপূর্ণ এই এলাকায় যানজটের কারণে চরম ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা। অনেককে যানবাহন ছেড়ে হেঁটেই গন্তব্যের দিকে যেতে দেখা গেছে।
