সারের ডিলার নিয়োগে অনিয়মের অভিযোগ তদন্তের সুপারিশ
ছবি সংগৃহীত
দেশের বিভিন্ন স্থানে সারের ডিলার নিয়োগে নানা অনিয়ম ও অসংগতির অভিযোগ উঠেছে কৃষি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির বৈঠকে। অভিযোগগুলো গুরুত্বের সঙ্গে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য মন্ত্রণালয়কে জোর সুপারিশ করেছে সংসদীয় কমিটি।
সোমবার (২৬ অক্টোবর) জাতীয় সংসদে কৃষি মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির দ্বিতীয় বৈঠক অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন কমিটির সভাপতি মো. শাহাদাত হোসেন। বৈঠকে দেশে সারের মজুদ, বণ্টন এবং ডিলার নিয়োগের নানা বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা হয়।
বৈঠক সূত্র জানায়, সারের ডিলার নিয়োগের ক্ষেত্রে যেসব এলাকায় অনিয়মের অভিযোগ উঠেছে, সেগুলোর তদন্ত শেষ না হওয়া পর্যন্ত প্রয়োজনীয় আইনি ও প্রশাসনিক ব্যবস্থা নেওয়ার সুপারিশ করেছে কমিটি।
যেসব ক্ষেত্রে ডিলারশিপের চুক্তি এখনো সম্পাদিত হয়নি, অভিযোগ নিষ্পত্তি না হওয়া পর্যন্ত সেগুলোর চুক্তি স্থগিত রাখার নির্দেশ দেওয়া হয়েছে। আর যেগুলোতে ইতিমধ্যে চুক্তি হয়ে গেছে, সেগুলোর উত্থাপিত অভিযোগ দ্রুত তদন্ত করে ব্যবস্থা নিতে বলা হয়েছে।
বিশেষ করে লালমনিরহাট, বরগুনা, সাতক্ষীরা, ফরিদপুর, নওগাঁ ও যশোর জেলার ডিলারশিপ নিয়োগসংক্রান্ত অভিযোগগুলো অগ্রাধিকারের সঙ্গে বিবেচনা করার সুপারিশ করা হয়।
সার বিতরণ, মজুদ ও ব্যবস্থাপনা কার্যক্রমসহ অবৈধ মজুদ ও বিপণনের অনিয়ম সরেজমিনে পরিদর্শনের সিদ্ধান্ত নিয়েছে সংসদীয় কমিটি।
এসব সমস্যা চিহ্নিত করে সুনির্দিষ্ট সুপারিশ প্রণয়নের লক্ষ্যে কমিটির সদস্য ও বিএনপির সংসদ সদস্য মো. মোস্তাফিজুর রহমানকে আহ্বায়ক করে ৩ সদস্যের একটি সাব-কমিটি গঠন করা হয়েছে।
কমিটির অন্য দুই সদস্য হলেন—মো. রোকন উদ্দীন বাবুল (এমপি) ও মোছা. সাবিরা সুলতানা (এমপি)।
বৈঠকে কৃষি মন্ত্রণালয়ের মন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ এবং কমিটির অন্যান্য সদস্য মো. শহিদুল ইসলাম, মো. মোস্তাফিজুর রহমান, মো. রোকন উদ্দীন বাবুল, মো. মুজিবুর রহমান চৌধুরী, মোছা. সাবিরা সুলতানা ও মো. গোলাম রছুল অংশ নেন।
এ ছাড়া কৃষি মন্ত্রণালয়ের সচিব, আওতাধীন দপ্তরসমূহের মহাপরিচালক, সংশ্লিষ্ট সংস্থাসমূহের প্রধান এবং জাতীয় সংসদ সচিবালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা বৈঠকে উপস্থিত ছিলেন।
