শিশু চুরির সন্দেহে হাসপাতালে পিটিয়ে হত্যা, একজন আটক
রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে শিশু চুরির সন্দেহে আলম শেখ (৪১) নামে এক ব্যক্তিকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে।
বুধবার (২১ অক্টোবর) রাত ১১টার দিকে হাসপাতালের শিশু ওয়ার্ডের সামনে এ ঘটনা ঘটে। এ ঘটনায় জড়িত সন্দেহে একজনকে আটক করেছে পুলিশ।
নিহত আলম শেখের পরিবারের দাবি, তিনি মানসিক ভারসাম্যহীন ছিলেন। তার বাড়ি রাজধানীর রূপনগর এলাকায়।
পুলিশের তথ্য অনুযায়ী, ঘটনার রাতে আলম শেখ হাসপাতালের শিশু ওয়ার্ডের সামনে ঘোরাঘুরি করছিলেন। এ সময় সেখানে চিকিৎসাধীন শিশুদের স্বজনদের সন্দেহ হয়, তিনি শিশু চুরির উদ্দেশ্যে হাসপাতালে এসেছেন। তারা তার কাছে হাসপাতালে আসার কারণ জানতে চান।
তবে সন্তোষজনক উত্তর না পাওয়ায় একদল লোক তাকে টেনেহিঁচড়ে হাসপাতালের নিচে নিয়ে যান এবং মারধর করেন। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয় বলে অভিযোগ উঠেছে।
ডিএমপির তেজগাঁও বিভাগের উপ-পুলিশ কমিশনার ইবনে মিজান জানান, জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। পরে আঙুলের ছাপের মাধ্যমে নিহতের পরিচয় শনাক্ত করা হয়।
তিনি আরও জানান, নিহতের পরিবারের সঙ্গে যোগাযোগ করেছে পুলিশ। এ ঘটনায় মূল অভিযুক্তকে আটক করা হয়েছে। তবে আটক ব্যক্তির নাম-পরিচয় তাৎক্ষণিকভাবে জানাতে পারেনি পুলিশ। নিহতের স্বজনেরা হাসপাতালে এলে তাদের সঙ্গে কথা বলে মামলা করা হবে বলে জানান তিনি।
