জামিনে বেরিয়ে নিউগিনি আবাসন মালিককে হত্যার হুমকি, থানায় জিডি
রাজধানীর নিউগিনি আবাসন প্রকল্পে হামলার ঘটনার পর এবার প্রতিষ্ঠানটির মালিক মো. নাজিম উদ্দিন ভূঁইয়াকে হত্যার হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে মামলার আসামিদের বিরুদ্ধে। এ ঘটনায় নিজের নিরাপত্তা চেয়ে গত শনিবার রাজধানীর ক্যান্টনমেন্ট থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন তিনি।
নাজিম উদ্দিনের অভিযোগ, শনিবার বেলা ১১টার দিকে ইসিবি চত্বরের সিটি কাবাব হোটেলের পেছনে মো. শাহরিয়ার মাহমুদ, মো. আবুল কাশেম, বাবুলসহ চার ব্যক্তি এসে তাঁকে অকথ্য ভাষায় গালাগালি করেন এবং হত্যার হুমকি দেন। এর পর থেকে তিনি চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন।
পুলিশের একটি সূত্র জানিয়েছে, নিউগিনি আবাসন প্রকল্পে হামলার মামলায় মো. শাহরিয়ার মাহমুদকে আগে গ্রেপ্তার করা হয়েছিল। তিনি বর্তমানে জামিনে রয়েছেন। ওই মামলার অন্য দুই আসামি হলেন মো. আবুল কাশেম ও বাবুল। তাঁদের মধ্যে আবুল কাশেম উচ্চ আদালত থেকে আগাম জামিন নিয়েছেন।
ক্যান্টনমেন্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ গিয়াস উদ্দিন বলেন, হুমকির ঘটনায় থানায় একটি জিডি করা হয়েছে। পুলিশ বিষয়টি তদন্ত করে দেখছে।
এর আগে গত ২৬ সেপ্টেম্বর রাতে নিউগিনি প্রপার্টিজ আবাসন প্রকল্পে হামলার ঘটনা ঘটে। ওই সময় সেখানে থাকা কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের স্টুডিওতেও ভাঙচুর ও লুটপাট চালানো হয়। ঘটনার রাতেই বিস্তারিত জানিয়ে একটি ভিডিও প্রকাশ করেন সালমান মুক্তাদির, যা সামাজিক যোগাযোগমাধ্যমসহ বিভিন্ন মহলে ব্যাপক আলোচনার সৃষ্টি করে।
তদন্তসংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, নিউগিনি আবাসন প্রকল্পে হামলা চালাতে এক কোটি টাকা দিয়ে একটি ‘সন্ত্রাসী বাহিনী’ ভাড়া করা হয়েছিল। ভাষানটেক থানা বিএনপির আহ্বায়ক মো. ইব্রাহিম টাকার বিনিময়ে লোক পাঠিয়ে এই হামলা চালান। ওই হামলায় মিরপুরের মামুন বাহিনীর লোকজনকে যুক্ত করা হয়েছিল।
এই হামলা মামলায় গ্রেপ্তার শাহরিয়ার মাহমুদ ও বিকাশ চন্দ্র সরকারকে জিজ্ঞাসাবাদ করে এমন তথ্য পেয়েছেন বলে জানিয়েছেন তদন্ত কর্মকর্তারা। তাঁরা জানান, ঘটনার দিন দুপুরে মোট ১৩ জন মিলে ইসিবি চত্বরের একটি খাবারের দোকানে বসে হামলার চূড়ান্ত পরিকল্পনা করেন। ওই বৈঠকে শাহরিয়ার ও বিকাশও উপস্থিত ছিলেন।
