বিটিভিতে রনির নেইমপ্লেট বিতর্ক, ‘জাশি-এনসিপি’ নিয়ে কটাক্ষ
বাংলাদেশ টেলিভিশন (বিটিভি) ভবনে অ্যাক্টিভিস্ট রেজাউল করিম রনির নেইমপ্লেটের একটি ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। বিভিন্ন মহল দাবি করছে, তিনি বিটিভিতে নিয়োগ পেয়েছেন এবং সেখানে তার অফিস কক্ষ রয়েছে। তবে রনি নিজে এখন পর্যন্ত বিটিভিতে তার কোনো কক্ষ নেই বলে দাবি করে আসছেন।
বিটিভির মহাপরিচালক কাজী জেসিন জানিয়েছেন, রেজাউল করিম রনি বিটিভিতে প্রোগ্রামের রিসার্চার হিসেবে কাজ করছেন। ফ্রিল্যান্সার হিসেবে একটি রুমে পাঁচজন বসেন, সেই রুমেই রনি বসেন। বিটিভির অন্তত দুটি সূত্রও নিশ্চিত করেছে, রনির নেইমপ্লেটযুক্ত ছবিটি বিটিভি ভবনের। একটি সূত্র জানায়, রনি বিটিভির হেড অফিসে, ১২ তলা ভবনটির ৫ম তলায় বসেন। একই ফ্লোরে ডিজি কাজী জেসিনের রুম। প্রায় এক মাস ধরে রনি সেখানে বসছেন। বিটিভির বিভিন্ন কক্ষে যারা বসেন তাদের নাম ও পদবি থাকে, এমনকি গ্রেডও লেখা থাকে। কিন্তু রনির রুমের সামনের নেইমপ্লেটে শুধু নাম আছে, পদবি নেই।
তবে এসব তথ্যকে মিথ্যা-প্রোপাগান্ডা বলে দাবি করেছেন রনি। জামায়াত-শিবির ও এনসিপির নেতা-কর্মীরা এসব তথ্য ছড়াচ্ছে বলেও অভিযোগ করেন তিনি। ‘মানুষ পাগল হলে কি জামায়াত-শিবির ও এনসিপি করে নাকি এসব দলে যোগ দিয়ে পাগল হয়ে যায়’ বলে কটাক্ষ করেন তিনি।
এ বিষয়ে মঙ্গলবার (২০ অক্টোবর) নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে একটি পোস্ট দেন রনি। তিনি লেখেন, ‘দেশ চালায় বিএনপি কিন্তু আমাকে প্রতিনিয়ত বিভিন্ন জায়গায় নিয়োগ দিয়ে বেড়ায় জাশি-এনসিপি। বিষয়টা খুব মজার, অবশ্যই ব্যাপক মজার। বিরাট সৌভাগ্য আমার। আমার চাকরি নিয়ে আমার চেয়ে বেশি টেনশন তাদের। বাংলাদেশে আমার মতন সৌভাগ্যবান কয়জন আছে?’
জামায়াত-শিবির ও এনসিপিকে কটাক্ষ করে রনি আরও লেখেন, ‘ওরা যেমন সকাল বিকাল ফেবুতে (ফেসবুকে) সরকার গঠন করে ফেলে তেমনি আমাকেও জায়গায়-বেজায়গায় নিয়োগ দিয়ে বেড়ায়। এইসব দেখে আমার এখন একটাই প্রশ্ন মানুষ পাগল হলে কি জাশি-এনসিপি করে নাকি জাশি-এনসিপি করে পাগল হয়....? উত্তর আমি জানি না। দেখেন আপনারা যা ভালো মনে করেন- সেটাই উত্তর।’
