ইশরাকের পদত্যাগের ঘোষণা আজ
সংগৃহীত ছবি
মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর পদ থেকে পদত্যাগের বিষয়ে আজ সোমবার (১৯ অক্টোবর) দুপুর ২টায় চূড়ান্ত ঘোষণা দেবেন বলে জানিয়েছেন ইশরাক হোসেন। এ সময় জাতীয় প্রেস ক্লাবে সাংবাদিকদের মুখোমুখি হওয়ার কথাও জানিয়েছেন তিনি।
সোমবার সকালে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে ইশরাক এ তথ্য জানান। পোস্টে তিনি লেখেন, দুপুর ২টায় জাতীয় প্রেস ক্লাবে প্রতিমন্ত্রীর পদ থেকে পদত্যাগের চূড়ান্ত ঘোষণা দেবেন এবং সাংবাদিকদের সঙ্গে কথা বলবেন।
এদিকে নিজের পদত্যাগের প্রসঙ্গে সামাজিক যোগাযোগমাধ্যমে কিছু মানুষের উচ্ছ্বাস প্রকাশের বিষয়ে আক্ষেপ জানিয়েছেন ইশরাক। তিনি আশা প্রকাশ করেন, ভবিষ্যতে আন্দোলন-সংগ্রামের প্রয়োজন হলে এসব মানুষ জাতীয়তাবাদী আদর্শে অনুপ্রাণিত হয়ে বিদেশ থেকে দেশে ফিরে আন্দোলনে অংশ নেবেন।
প্রতিমন্ত্রীর পদ ছাড়লেও মাদকের বিরুদ্ধে কাজ চালিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেছেন তিনি। ইশরাক বলেন, এবার সংসদ সদস্য বা প্রতিমন্ত্রী হিসেবে নয়, একজন বিএনপি কর্মী হিসেবে মাদকের বিরুদ্ধে আরও বেশি উদ্দীপনা নিয়ে কাজ করবেন। পাশাপাশি পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদার করা এবং দেশজুড়ে প্রজন্ম দলের সাংগঠনিক শক্তি বাড়াতে বিভিন্ন জেলা সফরের পরিকল্পনার কথাও জানান তিনি। তার বক্তব্য, মন্ত্রী নয়, মাদক নির্মূলই হবে তার প্রধান লক্ষ্য।
এর আগে রোববার রাষ্ট্রায়ত্ত টেলিভিশন বিটিভিসহ বিভিন্ন গণমাধ্যমে খবর প্রচারিত হয়, মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেনকে মন্ত্রিসভা থেকে পদত্যাগের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তবে এ বিষয়ে সরকার বা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো বক্তব্য দেওয়া হয়নি। পরে ইশরাক ওই খবরকে গুজব বলে উল্লেখ করেন।
ঘটনার সূত্রপাত শনিবার (১৭ অক্টোবর)। ওই দিন নিজের সংসদীয় আসন ঢাকা-৬-এর গেন্ডারিয়া থানার ৪৫ নম্বর ওয়ার্ডে রেললাইনসংলগ্ন একটি বস্তিতে মাদকের আস্তানায় অভিযান চালান ইশরাক। এ সময় মাদক কারবারে জড়িত সন্দেহে ছয়জনকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করা হয়। অভিযানের সময় তার অস্ত্র প্রদর্শনের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমসহ বিভিন্ন গণমাধ্যমে ছড়িয়ে পড়লে বিষয়টি নিয়ে আলোচনা-সমালোচনা শুরু হয়।
এরপর রোববার রাতে ইশরাককে পদত্যাগের নির্দেশ দেওয়ার খবর প্রচারিত হলে বিষয়টি নিয়ে নতুন করে আলোচনা তৈরি হয়। তবে সে সময় মুঠোফোনে যোগাযোগ করা হলে ইশরাক বলেন, এ বিষয়ে শত শত ফোন আসছে এবং সবাইকে গুজবে কান না দেওয়ার অনুরোধ জানান।
