সচিব পর্যায়ে বড় রদবদল, নতুন দায়িত্বে ১০ কর্মকর্তা
সংগৃহীত ছবি
প্রশাসনের শীর্ষ পর্যায়ে বড় ধরনের রদবদল এনেছে সরকার। সাতজন সচিবের দপ্তর বদল, একজন অতিরিক্ত সচিবকে পদোন্নতি দিয়ে সচিব নিয়োগ এবং দুই অতিরিক্ত সচিবকে ভারপ্রাপ্ত সচিবের দায়িত্ব দেওয়া হয়েছে। এ ছাড়া জাতীয় উন্নয়ন প্রশাসন একাডেমির (নাডা) রেক্টর পদেও পরিবর্তন আনা হয়েছে।
রোববার (১৮ অক্টোবর) জনপ্রশাসন মন্ত্রণালয়ের পৃথক প্রজ্ঞাপনে এসব বদলি ও পদায়নের আদেশ জারি করা হয়। প্রজ্ঞাপনগুলোতে স্বাক্ষর করেছেন মন্ত্রণালয়ের উপসচিব জেতী প্রু।
প্রজ্ঞাপন অনুযায়ী, মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের সচিব মো. আশরাফুল ইসলামকে জাতীয় উন্নয়ন প্রশাসন একাডেমির (নাডা) রেক্টর পদে পদায়ন করা হয়েছে। অন্যদিকে, একাডেমিটির বর্তমান রেক্টর ড. মো. কামরুজ্জামানকে ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সচিব করা হয়েছে।
বাণিজ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব আয়েশা আক্তারকে পদোন্নতি দিয়ে বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের সচিব করা হয়েছে। একই সঙ্গে বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের সচিব শরফ উদ্দিন আহমদ চৌধুরীকে বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব হিসেবে পদায়ন করা হয়েছে।
বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব মো. আতাউর রহমান খান, এনডিসিকে নৌপরিবহন মন্ত্রণালয়ের সচিব করা হয়েছে। আর নৌপরিবহন মন্ত্রণালয়ের সচিব জাকারিয়াকে জাতীয় নদী রক্ষা কমিশনের চেয়ারম্যান পদে পদায়ন করা হয়েছে।
যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মাহফুজুল আলম খানকে একই মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিবের দায়িত্ব দেওয়া হয়েছে। এ মন্ত্রণালয়ের সচিব মো. মাহবুব-উল-আলমকে জনপ্রশাসন মন্ত্রণালয়ে সচিব (সংযুক্ত) হিসেবে পদায়ন করা হয়েছে।
এদিকে, ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরের মহাপরিচালক (অতিরিক্ত সচিব) মো. আবুল হাছানাত হুমায়ূন কবীরকে পদোন্নতি ও বদলি করে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব করা হয়েছে। ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সচিব বিলকিস জাহান রিমিকে পরিকল্পনা কমিশনের সদস্য (সচিব) হিসেবে পদায়ন করা হয়েছে।
প্রজ্ঞাপন অনুযায়ী, জনস্বার্থে জারি করা এসব আদেশ অবিলম্বে কার্যকর হবে।
