ভিসার শর্ত থেকে অব্যাহতি পাবেন বাংলাদেশ-ইরাকের কূটনৈতিক পাসপোর্টধারীরা
সংগৃহীত ছবি
কূটনৈতিক ও সরকারি পাসপোর্টধারীদের ভিসা অব্যাহতি এবং নিয়মিত রাজনৈতিক পরামর্শ চালুর বিষয়ে বাংলাদেশ ও ইরাকের মধ্যে দুটি সমঝোতা স্মারক (এমওইউ) সই হয়েছে।
শনিবার (১৭ অক্টোবর) ইরাকের রাজধানী বাগদাদে ইসলামী সহযোগিতা সংস্থার (ওআইসি) পররাষ্ট্রমন্ত্রী পরিষদের বৈঠকের ফাঁকে বাংলাদেশের পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির ও ইরাকের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ হুসেইন এসব সমঝোতা স্মারকে সই করেন।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মাহমুদুল হাসান এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ সব তথ্য জানান। তিনি জানান, চুক্তি অনুযায়ী দুই দেশের কূটনৈতিক ও সরকারি পাসপোর্টধারীরা পারস্পরিকভাবে ভিসার শর্ত থেকে অব্যাহতি পাবেন। পাশাপাশি দ্বিপক্ষীয় সম্পর্কের বিভিন্ন বিষয় নিয়ে নিয়মিত রাজনৈতিক পরামর্শের জন্য একটি প্রাতিষ্ঠানিক কাঠামো গড়ে তোলা হবে।
অনুষ্ঠানে দুই দেশের মন্ত্রীরা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ও সহযোগিতা আরও জোরদারের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন। তারা আশা প্রকাশ করেন, সমঝোতা স্মারক দুটি দ্বিপক্ষীয় যোগাযোগ বাড়ানোর পাশাপাশি সহযোগিতার নতুন সুযোগ সৃষ্টি করবে। অনুষ্ঠানে ইরাকে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মেজর জেনারেল মো. মাকসুদুল হক উপস্থিত ছিলেন।
