মহাসপ্তমীর সন্ধ্যায় শান্তি, সম্প্রীতি ও বিশ্বকল্যাণের প্রার্থনা
ছবি: সংগৃহীত
ঢাকঢোলের বাদ্য, কাঁসরের ঘণ্টাধ্বনি আর ধূপের সুবাসে মুখর রাজধানীর পূজামণ্ডপগুলো। মহাসপ্তমীর সন্ধ্যায় দেবী দুর্গার চরণে ভক্তদের আকুল প্রার্থনা-শান্তি, সম্প্রীতি, শক্তি ও বিশ্বকল্যাণ।
শঙ্খধ্বনি আর ঢাকের তালে মণ্ডপে মণ্ডপে চলছে দেবীবন্দনা। বিশ্বাস, আচার আর পৌরাণিক ঐতিহ্যের মেলবন্ধনে শারদীয় দুর্গোৎসবে মেতেছেন সনাতন ধর্মাবলম্বীরা।
মহাসপ্তমীর পূজায় দেবী দুর্গার সঙ্গে গণেশ ও কলাবউয়ের উপস্থিতি উৎসবে যোগ করেছে ভিন্নমাত্রা।
ভক্তদের বিশ্বাস, দেবী দুর্গা অশুভ শক্তির বিনাশ করে শুভ ও ন্যায়ের প্রতিষ্ঠা করেন। তাই পরিবার, দেশ ও বিশ্বমানবতার মঙ্গল কামনায় প্রার্থনায় মগ্ন পূণ্যার্থীরা।
শনিবার (১৭ অক্টোবর) রাতে রাজধানীর বনানীর পূজামণ্ডপ পরিদর্শন করেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রশাসক মোঃ শফিকুল ইসলাম খান। এ সময় তিনি বলেন, সনাতন ধর্মাবলম্বীরা দেশে সংখ্যালঘু নন; সবাই এ দেশের নাগরিক এবং সবার অধিকার সমান।
তিথির কারণে এবার দুই দিন ধরে পালিত হচ্ছে মহাসপ্তমী। ফলে ভক্তদের কাছে উমার সান্নিধ্য পাওয়ার আনন্দও যেন একটু বেশি। মণ্ডপের আলোকসজ্জা আর প্রতিমার অপরূপ সৌন্দর্য দেখতে ভিড় করছেন নানা বয়সী মানুষ।
মহাসপ্তমীর মূল বার্তা, শক্তির আরাধনা হোক ন্যায় প্রতিষ্ঠার জন্য, আর দেবীবন্দনা হয়ে উঠুক মানবকল্যাণের প্রেরণা। অশুভের বিনাশ আর শুভবোধের জয়ের মধ্য দিয়ে সবার জীবনে প্রতিষ্ঠিত হোক শান্তি, সম্প্রীতি ও কল্যাণ, এমন প্রত্যাশাই ভক্তদের।
