দুর্গাপূজা নির্যাতিত মানুষের পাশে দাঁড়ানোর শিক্ষা দেয়: মঈন খান
সংগৃহীত ছবি
দুর্গাপূজা শুধু আনন্দ-উৎসব নয়, এটি অন্যায়ের বিরুদ্ধে অবস্থান নেওয়া এবং নির্যাতিত মানুষের পাশে দাঁড়ানোর শিক্ষা দেয় বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী ড. আবদুল মঈন খান।
শনিবার (১৭ অক্টোবর) সন্ধ্যায় শারদীয় দুর্গাপূজা উপলক্ষে নারায়ণগঞ্জের আমলাপাড়া সার্বজনীন পূজামণ্ডপ পরিদর্শন শেষে তিনি এ কথা বলেন। পরে তিনি শহরের মিশনপাড়া এলাকার রামকৃষ্ণ মিশন আশ্রম পরিদর্শন করেন এবং পূজার পরিবেশ ও আয়োজকদের খোঁজখবর নেন।
ড. আবদুল মঈন খান বলেন, যুগে যুগে সত্য ও মিথ্যা, ন্যায় ও অন্যায়ের মধ্যে দ্বন্দ্ব চলে আসছে। দেবী দুর্গার অসুরবধের মধ্য দিয়ে অন্যায়ের পরাজয় ও ন্যায় প্রতিষ্ঠার বার্তা পাওয়া যায়। দুর্গাপূজা থেকে এ শিক্ষা নিয়ে সমাজে ন্যায় ও সত্য প্রতিষ্ঠায় সবাইকে এগিয়ে আসতে হবে।
এ সময় মন্ত্রী পূজামণ্ডপে উপস্থিত পূজারি, আয়োজক ও স্থানীয়দের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন। নারায়ণগঞ্জের সাম্প্রদায়িক সম্প্রীতির ঐতিহ্য তুলে ধরে তিনি বলেন, সব ধর্মের মানুষের শান্তিপূর্ণ সহাবস্থান এ অঞ্চলের দীর্ঘদিনের ঐতিহ্য। এ ঐতিহ্য ধরে রাখতে হবে। সবাইকে মিলেমিশে শান্তি ও শৃঙ্খলার সঙ্গে বসবাস করতে হবে।
এ সময় উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আবুল কালাম, নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের প্রশাসক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান, জেলা পুলিশ সুপার হাবিবুর রহমান, জেলা প্রশাসক মো. রায়হান কবির এবং আমলাপাড়া পূজা উদযাপন কমিটির সভাপতি ও ব্যবসায়ী প্রবীর সাহাসহ স্থানীয় ব্যক্তিরা।
