শাহজালালে লাগেজের গতিবিধি দেখা যাবে লাইভ, বসেছে ৩২ ক্যামেরা
সংগৃহীত ছবি
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে লাগেজ ব্যবস্থাপনায় স্বচ্ছতা বাড়াতে আটটি লাগেজ বেল্ট এলাকায় ৩২টি সিসিটিভি ক্যামেরা ও ৬৫ ইঞ্চি আকারের ১৮টি মনিটর স্থাপন করা হয়েছে। নতুন এ ব্যবস্থায় উড়োজাহাজ থেকে লাগেজ নামানো থেকে শুরু করে বাছাই ও বেল্টে পৌঁছানো পর্যন্ত বিভিন্ন ধাপের কার্যক্রম সরাসরি দেখতে পারবেন যাত্রীরা।
শনিবার (১৭ অক্টোবর) এ তথ্য জানিয়েছে বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)। সংস্থাটি বলছে, যাত্রীসেবার মানোন্নয়ন, লাগেজের নিরাপত্তা জোরদার এবং লাগেজ হ্যান্ডলিং কার্যক্রমে স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতেই এ উদ্যোগ নেওয়া হয়েছে।
গত ৬ সেপ্টেম্বর শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আকস্মিক পরিদর্শনে যান বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত। ওই সময় যাত্রীসেবায় স্বচ্ছতা নিশ্চিত করতে লাগেজ হ্যান্ডলিং কার্যক্রমের অগ্রগতি সম্পর্কে তাৎক্ষণিক তথ্য প্রদর্শনের জন্য বিমানবন্দরে ‘লাইভ মনিটরিং স্ক্রিন’ স্থাপনের নির্দেশনা দেন তিনি। এর প্রায় দেড় মাস পর ক্যামেরা ও মনিটর স্থাপনের তথ্য জানাল বেবিচক।
সংস্থাটি জানিয়েছে, নতুন ব্যবস্থার মাধ্যমে যাত্রীরা লাগেজ ব্যবস্থাপনার বিভিন্ন ধাপ সরাসরি পর্যবেক্ষণ করতে পারবেন। উড়োজাহাজ থেকে লাগেজ নামানো, নির্ধারিত স্থানে পরিবহন, বাছাই এবং লাগেজ বেল্টে পৌঁছানোর প্রক্রিয়া স্থাপিত মনিটরে সরাসরি দেখার সুযোগ থাকবে।
বেবিচকের ভাষ্য, এর ফলে যাত্রীরা নিজেদের লাগেজের গতিবিধি সম্পর্কে স্পষ্ট ধারণা পাবেন এবং লাগেজ সংগ্রহের বিভিন্ন পর্যায়ে কার্যক্রম সম্পর্কে অবগত থাকতে পারবেন। এতে লাগেজ ব্যবস্থাপনায় স্বচ্ছতা, দক্ষতা ও জবাবদিহি বাড়বে বলে আশা করছে সংস্থাটি।
বিজ্ঞপ্তিতে বেবিচক বলেছে, যাত্রীদের স্বার্থ সুরক্ষা, নিরাপদ ও স্বাচ্ছন্দ্যময় ভ্রমণ নিশ্চিত করা এবং আন্তর্জাতিক মানের বিমানবন্দর ব্যবস্থাপনা গড়ে তুলতে তারা প্রতিশ্রুতিবদ্ধ। বিশেষ করে প্রবাসীসহ দেশি-বিদেশি যাত্রীরা যেন ভ্রমণ শেষে নির্বিঘ্নে ও নিশ্চিন্তে নিজেদের লাগেজ সংগ্রহ করতে পারেন, সে লক্ষ্যে প্রযুক্তিনির্ভর ও যাত্রীবান্ধব সেবার সম্প্রসারণ অব্যাহত রয়েছে। বেবিচকের মতে, দেশের প্রধান আন্তর্জাতিক বিমানবন্দরে লাগেজ ব্যবস্থাপনায় এ প্রযুক্তিনির্ভর উদ্যোগ যাত্রীসেবার মান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
