ডিসেম্বরে শেখ হাসিনার দেশে ফেরার কথা হাস্যকর: বিমানমন্ত্রী
সংগৃহীত ছবি
ডিসেম্বরে শেখ হাসিনার দেশে ফেরার বিষয়ে আলোচনাকে ‘হাস্যকর’ বলে মন্তব্য করেছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত।
তিনি বলেছেন, পৃথিবীর কোথাও এমন নজির নেই যে পলাতক কোনো স্বৈরশাসক দেশ ছেড়ে চলে যাওয়ার পর আবার ক্ষমতায় পুনঃপ্রতিষ্ঠিত হয়েছেন। পলাতক শেখ হাসিনা দেশে ফিরবে এ কথা হাস্যকর।
শনিবার (১৭ অক্টোবর) দুপুরে জামালপুর জেলা পরিষদ আয়োজিত বিভিন্ন উন্নয়ন প্রকল্পের চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
বক্তব্যে দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও রাজনৈতিক ইতিহাস প্রসঙ্গে মন্ত্রী বলেন, বাঙালি জাতি স্বাধীনচেতা। অন্যায় দেখলে এ দেশের মানুষ প্রতিবাদ করে এবং দেশের সার্বভৌমত্ব রক্ষায় লড়াই করে। বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার সংগ্রামে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের অবদানের কথাও তুলে ধরেন তিনি।
এ সময় তারেক রহমানের নেতৃত্বের প্রসঙ্গ উল্লেখ করে এম রশিদুজ্জামান মিল্লাত বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ছেলে বর্তমানে রাষ্ট্র পরিচালনা করছেন। দেশের সার্বভৌমত্ব রক্ষায় তারেক রহমান যে পরিকল্পনা করেছেন, সেটিকে তিনি ‘অদ্ভুত’ বলে উল্লেখ করেন।
জামালপুর জেলা পরিষদের প্রশাসক সিরাজুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন সংসদ সদস্য শামীম তালুকদার, মোস্তাফিজুর রহমান বাবুল, সুলতান মাহমুদ বাবু ও নিলোফার চৌধুরী মনি।
অনুষ্ঠানে জেলা পরিষদের বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ডের অংশ হিসেবে ২০২৪-২৫ অর্থবছরে জেলার বিভিন্ন উপজেলার ৫৭১টি প্রকল্পের বিপরীতে মোট ১৬ কোটি ৫৩ লাখ টাকার চেক বিতরণ করা হয়। এসব প্রকল্পের মাধ্যমে স্থানীয় পর্যায়ে উন্নয়ন কার্যক্রম এগিয়ে নেওয়ার উদ্যোগের কথা তুলে ধরা হয়।
অনুষ্ঠানে জেলা পরিষদের সংশ্লিষ্ট কর্মকর্তা, স্থানীয় জনপ্রতিনিধি এবং বিভিন্ন পর্যায়ের ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
