অফিসার্স ক্লাবের নির্মাণাধীন অংশ থেকে পড়ে সাবেক অতিরিক্ত সচিবের মৃত্যু
ছবি: সংগৃহীত
রাজধানীর রমনায় অফিসার্স ক্লাবের ভবনের তৃতীয় তলার নির্মাণাধীন অংশ থেকে পড়ে মোশারফ হোসেন (৭২) নামে এক অবসরপ্রাপ্ত অতিরিক্ত সচিবের মৃত্যু হয়েছে।
শুক্রবার (১৬ অক্টোবর) দুপুর পৌনে ১২টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহত মোশারফ হোসেন বনানীতে তাঁর ছোট মেয়েকে নিয়ে বসবাস করতেন।
নিহতের মামাতো ভাই নাজমুল হাসান মিলন জানান, শুক্রবার সকাল ১০টার দিকে ছোট মেয়েকে নিয়ে অফিসার্স ক্লাবে যান মোশারফ হোসেন। তাঁর মেয়ে সুইমিং করতে গেলে তিনি বিয়ের অনুষ্ঠানের বুকিং দিতে ভবনের নির্মাণাধীন অংশে যান।
নাজমুল হাসান মিলনের ভাষ্য, মোশারফ হোসেনের চোখে দৃষ্টিশক্তি কম ছিল। এ কারণে তিনি লিফট খুঁজে পাচ্ছিলেন না। একবার সিঁড়ি দিয়ে নিচে নামছিলেন, আবার ওপরে উঠছিলেন। এ সময় ভবনের নিচে বৈদ্যুতিক তার তোলার জন্য রাখা একটি ফাঁকা জায়গা দিয়ে অসাবধানতাবশত নিচে পড়ে যান তিনি। এতে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।
ঘটনার পর মোশারফ হোসেনের মরদেহ ইব্রাহিম কার্ডিয়াক হাসপাতালে নেওয়া হয়। পরে মৃত্যুসনদ নেওয়ার জন্য মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আনা হয়।
নাজমুল হাসান মিলন বলেন, “এই মৃত্যুতে আমাদের কোনো অভিযোগ নেই।”
পরিবারের সদস্যরা সিসিটিভি ফুটেজ দেখেছেন জানিয়ে তিনি বলেন, ফুটেজ দেখে তাঁদের কাছে ঘটনাটি দুর্ঘটনা বলেই মনে হয়েছে। পরিবারের পক্ষ থেকে ময়নাতদন্ত না করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলেও জানান তিনি।
ঢাকা মেডিকেল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক হাবিবুর রহমান জানান, মোশারফ হোসেনের মরদেহ হাসপাতালের হিমঘরে রাখা হয়েছে।
