‘সুযোগ পেলেই মাছ চাষ করুন, উৎপাদনে শীর্ষে উঠবে বাংলাদেশ’
মৎস্য উৎপাদনে স্বনির্ভরতা অর্জনের ধারা অব্যাহত রাখতে ব্যক্তি ও প্রাতিষ্ঠানিক পর্যায়ে যেখানে সুযোগ রয়েছে, সেখানে মাছ চাষ বাড়ানোর আহ্বান জানিয়েছেন বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী।
সোমবার (২৪ আগস্ট) সকালে পিলখানায় বিজিবি সদর দপ্তরের শহীদ ক্যাপ্টেন আশরাফ হল সংলগ্ন পুকুরে বিভিন্ন প্রজাতির মাছের পোনা অবমুক্ত করে ‘বিজিবির মৎস্য পক্ষ-২০২৬’ কর্মসূচির উদ্বোধনকালে তিনি এ আহ্বান জানান।
বিজিবি মহাপরিচালক বলেন, দেশের মৎস্য উৎপাদনে স্বনির্ভরতার ধারা অব্যাহত রাখতে সর্বস্তরে মাছ চাষ ও উৎপাদন বাড়াতে হবে। মিঠাপানির মাছ উৎপাদনে বাংলাদেশ বর্তমানে বিশ্বে দ্বিতীয় অবস্থানে রয়েছে। যথাযথ উদ্যোগ ও প্রচেষ্টা অব্যাহত থাকলে ভবিষ্যতে এ ক্ষেত্রে বাংলাদেশ বিশ্বে প্রথম স্থান অর্জন করতে পারে।
তিনি বলেন, শুধু মিঠাপানির মাছ নয়, বঙ্গোপসাগরের বিপুল সামুদ্রিক মৎস্যসম্পদের যথাযথ ব্যবহার নিশ্চিত করেও এ খাতে আরও অগ্রগতি অর্জনের সুযোগ রয়েছে।
মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী বলেন, মাছ চাষের জন্য সবসময় বড় জলাশয়ের প্রয়োজন নেই। ছোট পুকুর ও অন্যান্য উপযুক্ত জলাশয়েও বিভিন্ন প্রজাতির মাছ চাষ করা সম্ভব। মৎস্য উৎপাদন বাড়লে মানুষের পুষ্টি ও খাদ্যনিরাপত্তা নিশ্চিত হওয়ার পাশাপাশি কর্মসংস্থান সৃষ্টি এবং দেশের অর্থনৈতিক উন্নয়নেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
তিনি বিজিবির বিভিন্ন স্থাপনা ও ইউনিটে থাকা পুকুর ও জলাশয় যথাযথভাবে ব্যবহার করে মাছ চাষের পরিধি আরও বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেন। সরকারের মৎস্য উৎপাদন বৃদ্ধির উদ্যোগ সফল করতে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে সহযোগিতা করার আহ্বান জানান তিনি।
বিজিবি জানায়, মাছের পোনা অবমুক্ত করার মধ্য দিয়ে দুই সপ্তাহব্যাপী ‘বিজিবির মৎস্য পক্ষ-২০২৬’ কর্মসূচির আনুষ্ঠানিক সূচনা হয়েছে। এ কর্মসূচির আওতায় বিজিবির বিভিন্ন স্থাপনা ও ইউনিটে মাছের পোনা অবমুক্তকরণ, মাছ চাষে উদ্বুদ্ধকরণ এবং মৎস্যসম্পদ সংরক্ষণ ও উৎপাদন বৃদ্ধিতে সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করা হবে।
