পাবনার রুপপুরে মদ্যপনে এক রাশিয়ানের মৃত্যু
ছবি সংগৃহীত
ঈশ্বরদীতে রুপপুর প্রকল্পের গ্রীণসিটিতে মদ্যপ অবস্থায় দুই রাশিয়ান নাগরিকের হাতাহাতি ঘটনায় সের্গেই নিকোলায়েভিচ (৫৬) নামে একজন মৃত্যু হয়েছে। অপরজন মেনচেভ মূমুর্ষ অবস্থায় হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন।
সোমবার (০৩ আগস্ট) সকালে রুপপুর পারমাণবিক প্রকল্পের গ্রীণসিটিতে এ ঘটনা ঘটে।
নিহত সের্গেই নিকোলায়েভিচ গ্রীণসিটির ৬নম্বর ভবনের ৫০১নং রুমে বসবাস করতেন। তারা দুজনেই প্রকল্পের রোসেম কোম্পানিতে কর্মরত ছিলেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গ্রীণসিটিতে অবস্থানকালে তারা মদ্যপান করেন একপর্যায়ে দুজনের মধ্যে বাকবিতন্ডা শুরু হলে একে অপরকে মারধোর করেন। এতে দুজনেই অচেতন হয়ে পড়লে পার্শ্ববর্তী গ্রীণসিটি হাসপাতালে তাদের নিয়ে যাওয়া হয়।
গ্রীণসিটি হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. সাইফুল ইসলাম জানান, তাদের দুজনকেই অচেতন অবস্থায় হাসপাতালে আনা হয়। তাদের অবস্থা গুরুতর হওয়ায় এখনে আইসিইউ না থাকায় পাবনা এসোর্ট স্পেশালাইজড হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় একজনের মৃত্যু হয়।
ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আশাদুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, নিহতের লাশের ময়নাতদন্ত শেষে দুতাবাসের মাধ্যমে রাশিয়ায় পাঠানোর ব্যবস্থা নেওয়া হবে। অপরজন হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন রয়েছেন। ঘটনাটি আরো বিস্তারিত তদন্ত করে দেখা হচ্ছে।
