আইনের শাসন না থাকলে বিপর্যয় ঘটতেই থাকে: মির্জা ফখরুল
বেইলী রোডে আগুন: বিএনপি মহাসচিবের শোক
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর (ফাইল ফটো)
দেশে আইনের শাসন না থাকলে দূর্ঘটনা ও বিপর্যয় ঘটতেই থাকে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
রাজধানীর বেইলি রোডে গ্রিন কজি কটেজ ভবনে আগুনে ৪৫ জনের মৃত্যু প্রাণহানির ঘটনায় গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন তিনি।
শুক্রবার এক শোকবার্তায় বিএনপি মহাসচিব বলেন, ‘গতকাল রাত পৌনে দশটায় রাজধানীর বেইলী রোডস্থ একটি বহুতল ভবনে লাগা ভয়াবহ অগ্নিকান্ডে এ পর্যন্ত ৪৫ জনের নির্মম মৃত্যু এবং এখনও হাসপাতালের বিছানায় আগুনে দগ্ধ মানুষের আহাজারী অত্যন্ত হৃদয়বিদারক ও মর্মস্পর্শী। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে সংশ্লিষ্ট চিকিৎসকগণ জানিয়েছেন। দেশে আইনের শাসন না থাকলে দূর্ঘটনা ও বিপর্যয় ঘটতেই থাকে। কারণ সরকারকে জনগণের কাছে জবাবদিহি করতে হয় না। ফলে জনসমাজে নৈরাজ্য বিরাজ করে বলেই নানা দূর্ঘটনা ঘটে ও মানুষের প্রাণ ঝরে যায়।
তিনি বলেন, ‘ভয়াবহ অগ্নিকান্ডে নিহত ও আহতদের স্বজনদের মতো আমিও গভীরভাবে ব্যথিত ও শোকাভিভূত। আমি মহান আল্লাহ রাব্বুল আলামীনের নিকট দোয়া করি-শোকার্ত পরিবারগুলো যেন তাদের স্বজন হারানোর বেদনা কাটিয়ে উঠতে ধৈর্য ধারণ করতে পারেন।’
বিএনপি মহাসচিব শোকবার্তায় অগ্নিকান্ডে নিহতদের বিদেহী আত্মার শান্তি কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যবর্গ, আত্মীয়স্বজন, গুণগ্রাহী ও শুভানুধ্যায়ীদের প্রতি গভীর সমবেদনা জানান। তিনি অগ্নিদগ্ধদের আশু সুস্থতা কামনা করেন।
