থ্যালাসেমিয়া প্রতিরোধে সচেতনতা বৃদ্ধির আহ্বান প্রধানমন্ত্রীর
বিশ্ব থ্যালাসেমিয়া দিবস উপলক্ষ্যে দেশবাসীকে সচেতন হওয়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
তিনি বলেছেন, থ্যালাসেমিয়া একটি জটিল বংশগত রক্তরোগ, যা ব্যক্তি, পরিবার ও সামগ্রিক জনস্বাস্থ্যের জন্য বড় উদ্বেগের বিষয়। এ রোগ প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধি, সময়োপযোগী পরীক্ষা এবং প্রতিরোধমূলক উদ্যোগ গ্রহণ অত্যন্ত জরুরি।
আগামীকাল পালিতব্য বিশ্ব থ্যালাসেমিয়া দিবস উপলক্ষ্যে দেওয়া এক বাণীতে প্রধানমন্ত্রী বলেন, পিতা-মাতা উভয়েই থ্যালাসেমিয়ার জিন-বাহক হলে সন্তানের আক্রান্ত হওয়ার ঝুঁকি বহুগুণ বেড়ে যায়। তাই বিয়ের আগে প্রয়োজনীয় স্বাস্থ্য পরীক্ষা ও সচেতনতা সৃষ্টি এখন সময়ের দাবি।
এবারের দিবসের প্রতিপাদ্য “আর আড়াল নয়: রোগ নির্ণয়হীনদের খুঁজে বের করি, অলক্ষ্যে থাকা রোগীদের সহায়তা করি”।
এই প্রতিপাদ্যকে সামনে রেখে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে বাংলাদেশ থ্যালাসেমিয়া সমিতি।
প্রধানমন্ত্রী বলেন, দেশে প্রায় দুই কোটি মানুষ থ্যালাসেমিয়ার জিন-বাহক বলে ধারণা করা হয়, যা ভবিষ্যৎ প্রজন্মের সুস্বাস্থ্যের জন্য উদ্বেগজনক।
এ পরিস্থিতিতে সরকার “প্রতিকারের চেয়ে প্রতিরোধ উত্তম” নীতি অনুসরণ করে থ্যালাসেমিয়া প্রতিরোধে কাজ করছে।
তিনি আরও বলেন, একটি আধুনিক ও জনমুখী স্বাস্থ্যব্যবস্থা গড়ে তুলতে সরকার ‘ই-হেলথ কার্ড’ চালুর পরিকল্পনা বাস্তবায়নের পথে রয়েছে।
এই কার্ড চালু হলে নাগরিকরা নিজেদের স্বাস্থ্য তথ্য সহজেই জানতে পারবেন এবং দেশের যেকোনো স্থানে চিকিৎসা গ্রহণের সময় চিকিৎসক দ্রুত রোগীর প্রয়োজনীয় তথ্য পেতে সক্ষম হবেন।
বিশেষজ্ঞ চিকিৎসকদের মতামত তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, থ্যালাসেমিয়া জিন-বাহকদের মধ্যে বিয়ের ঝুঁকি সম্পর্কে পরিবার, সমাজ ও রাষ্ট্রকে সম্মিলিতভাবে সচেতনতা গড়ে তুলতে হবে। একইসঙ্গে তিনি সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠন, গণমাধ্যম, অভিভাবক এবং সচেতন নাগরিকদের এ বিষয়ে জনগণকে সচেতন করার আহ্বান জানান।
বাণীর শেষে প্রধানমন্ত্রী বিশ্ব থ্যালাসেমিয়া দিবস উপলক্ষ্যে গৃহীত সব কর্মসূচির সার্বিক সাফল্য কামনা করেন।
