দুর্নীতি মামলায় মায়াসহ তিনজনের আয়কর নথি জব্দের আদেশ
ছবি সংগৃহীত
দুর্নীতির মামলায় সাবেক মন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়াসহ তিনজনের আয়কর নথি জব্দের আদেশ দিয়েছেন আদালত। সোমবার ঢাকা মহানগর সিনিয়র স্পেশাল জজ সাব্বির ফয়েজের আদালত এ আদেশ দেন।
অন্য দুজন হলেন কাস্টমস অ্যান্ড ভ্যাট কমিশনারেটের সাবেক সহকারী কমিশনার ভূইয়া মফিজুর রহমান এবং ঢাকার দোহার থানার সাবেক ওসি মোস্তফা কামালের স্ত্রী খন্দকার শামীমা হাসান। সংশ্লিষ্ট আদালতের বেঞ্চ সহকারী রিয়াজ হোসেন এ তথ্য নিশ্চিত করেন।
এর আগে মায়াসহ তিনজনের আয়কর নথি জব্দ চেয়ে আবেদন করেন দুদকের সহকারী পরিচালক খোরশেদ আলম। আবেদনে উল্লেখ করা হয়, মোফাজ্জল হোসেন চৌধুরী মায়ার বিরুদ্ধে ঘুষ, দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার ও মানি লন্ডারিংয়ের মাধ্যমে ২০০৯-১০ থেকে ২০২৩-২৪ করবর্ষ পর্যন্ত এক কোটি ৮২ লাখ ৫৫ হাজার ২৬১ টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন এবং নিজ ও নিজ ব্যবসাপ্রতিষ্ঠানের নামীয় ব্যাংক হিসাবের মাধ্যমে ৫১০ কোটি ৩৭ লাখ ৩১ হাজার ৯৩৫ টাকার অস্বাভাবিক ও সন্দেহজনক লেনদেনের অভিযোগে দুদক মামলা করে। মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে তার আয়কর নথি জব্দ করা প্রয়োজন বলে আবেদনে জানানো হয়।
মফিজুর রহমানের আবেদনে বলা হয়, তিনি সরকারি চাকরিরত অবস্থায় ঘুষ ও দুর্নীতির মাধ্যমে ১৭ লাখ ৫৮ হাজার ৩৯৩ টাকা মূল্যের সম্পদ অর্জন করেন এবং সম্পদ বিবরণীতে তথ্য গোপন করে জ্ঞাত আয়ের উৎসের সাথে অসঙ্গতিপূর্ণ এক কোটি ২১ লাখ ৭২ হাজার ৫৫৯ টাকা মূল্যের স্থাবর ও অস্থাবর সম্পদ অর্জন করেন। এ বিষয়ে দুদক মামলা করে। মামলার সুষ্ঠু তদন্তের জন্য তার আয়কর নথি জব্দের আবেদন করা হয়।
শামীমা হাসানের আবেদনে বলা হয়, তিনি তার স্বামী মোস্তফা কামালের ক্ষমতার অপব্যবহার করে জ্ঞাত আয়ের উৎসের সাথে অসঙ্গতিপূর্ণ এক কোটি ১৫ লাখ ১৭ হাজার ৬৬৭ টাকা মূল্যের সম্পদ অর্জন করেন। এ বিষয়ে দুদক মামলা দায়ের করে। মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে তার আয়কর নথি জব্দের আবেদন করা হয়। শুনানি শেষে বিচারক জব্দের আদেশ দেন।
