১৫ বছর পর অবসান হচ্ছে মমতা যুগ
বদলে যাচ্ছে পশ্চিমবঙ্গের রাজনীতি। বদলে যাচ্ছে ক্ষমতা। বিধানসভার নির্বাচনে হারার পর ১৫ বছর পর ক্ষমতা হরাতে যাচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়। ফলে টানা তিন দফা ক্ষমতায় থাকা তৃণমূল কংগ্রেস এখন বড় ধরনের চাপে পড়েছে।
সংবাদমাধ্যম এনডিটিভি জানিয়েছে, ভোট গণনায় অর্ধেকের বেশি আসনে উল্লেখযোগ্য ব্যবধানে এগিয়ে রয়েছে বিজেপি। অন্যদিকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়-এর দল এই নির্বাচনে কঠিন চ্যালেঞ্জের মুখে। ভোটের আগে বিতর্কিত এসআইআর প্রক্রিয়ায় বিপুলসংখ্যক ভোটার বাদ পড়ার অভিযোগও এই নির্বাচনের প্রেক্ষাপটকে আরও জটিল করেছে।
এই নির্বাচনে মূল লড়াই হয়েছে তৃণমূল কংগ্রেস ও বিজেপির মধ্যে। বিজেপির হয়ে নেতৃত্ব দিচ্ছেন মমতার একসময়ের ঘনিষ্ঠ সহযোগী এবং বর্তমানে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। পাশাপাশি কংগ্রেস ও বামফ্রন্টও প্রতিদ্বন্দ্বিতায় রয়েছে। রাজনৈতিক সমীকরণে নতুন মাত্রা যোগ করেছে তৃণমূল থেকে বহিষ্কৃত হুমায়ুন কবির-এর গড়া নতুন দল, যা কিছু এলাকায় প্রভাব ফেলেছে বলে ধারণা করা হচ্ছে।
গত ২৩ ও ২৯ এপ্রিল দুই দফায় ভোটগ্রহণ সম্পন্ন হয়। কিছু কেন্দ্রে, বিশেষ করে ফলতা আসনে, পুনর্নির্বাচনের নির্দেশও দেওয়া হয়েছে। ২৯৪টি আসনের এই বিধানসভায় সরকার গঠনের জন্য প্রয়োজন অন্তত ১৪৮টি আসন।
সর্বশেষ প্রাপ্ত তথ্য অনুযায়ী, বিজেপি এখন পর্যন্ত ২০৪টি আসনে এগিয়ে রয়েছে। বিপরীতে তৃণমূল কংগ্রেস এগিয়ে আছে ৮৩টি আসনে।
ভোটের আগে প্রকাশিত এক্সিট পোলগুলো কোনও স্পষ্ট ফলাফলের ইঙ্গিত দিতে পারেনি। বেশিরভাগ জরিপে হাড্ডাহাড্ডি লড়াইয়ের পূর্বাভাস থাকলেও অনেক ক্ষেত্রে বিজেপিকে এগিয়ে রাখা হয়েছিল। তবে পিপলস পালস এবং জনমত—এই দুটি সংস্থা তৃণমূলের জয়ের সম্ভাবনা দেখিয়েছিল।
২০২১ সালের নির্বাচনে তৃণমূল কংগ্রেস ২১৫টি আসনে জয় পেয়ে টানা তৃতীয়বার ক্ষমতায় আসে। তখন বিজেপি ৭৭টি আসন পেয়ে প্রধান বিরোধী দলে পরিণত হয়। সেই নির্বাচনে নন্দীগ্রামে শুভেন্দু অধিকারীর কাছে পরাজিত হলেও পরে ভবানীপুর উপনির্বাচনে জয় পেয়ে মুখ্যমন্ত্রীর পদ ধরে রাখেন মমতা।
এবার সেই ভবানীপুর কেন্দ্রেই আবার লড়াইয়ে নেমেছেন শুভেন্দু অধিকারী। তবে প্রাথমিক রাউন্ডগুলোতে তিনি পিছিয়ে রয়েছেন। চতুর্থ রাউন্ড শেষে মমতা প্রায় আট হাজার ভোটে এগিয়ে ছিলেন। পঞ্চম রাউন্ড শেষে মমতা বন্দ্যোপাধ্যায় পেয়েছেন ২৫ হাজার ৯৪২ ভোট, আর শুভেন্দু পেয়েছেন ৯ হাজার ২৩৬ ভোট—ফলে ব্যবধান দাঁড়িয়েছে ১৬ হাজার ৭০৬ ভোটে। এই কেন্দ্রে মোট ২০ দফায় গণনা হবে।
সব মিলিয়ে এবারের নির্বাচন শুধু আসন সংখ্যার লড়াই নয়; এটি আদর্শ, প্রভাব, উন্নয়ন ও রাজনৈতিক ভবিষ্যৎ নির্ধারণের এক বড় পরীক্ষা। বাম শাসনের পতনের ১৫ বছর পর আবারও পরিবর্তনের ডাক জোরালো হয়ে উঠেছে, আর সেই প্রেক্ষাপটে পশ্চিমবঙ্গের রাজনীতি এক নতুন মোড়ের সামনে দাঁড়িয়ে আছে।
