মুসলিমরা ভোট দিয়েছে তৃণমূলকে, হিন্দুরা দিয়েছে বিজেপিকে: শুভেন্দু
ভারতের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের ভোট গণনা ঘিরে যখন উত্তেজনা তুঙ্গে, তখন একটি মন্তব্য ঘিরে নতুন করে রাজনৈতিক বিতর্ক তৈরি হয়েছে। শুভেন্দু অধিকারী-র বক্তব্যে উঠে এসেছে ভোটের প্রবণতা নিয়ে সাম্প্রদায়িক বিভাজনের ইঙ্গিত, যা ইতোমধ্যেই আলোচনার কেন্দ্রবিন্দুতে চলে এসেছে। তিনি বলেছেন,হিন্দু ইভিএম বিজেপির, মুসলিম ইভিএম তৃণমূলের। যদিও তা আগের মতো নয়।
ভবানীপুর কেন্দ্রে নবম দফার গণনা শেষে পাওয়া তথ্য অনুযায়ী, বিজেপি প্রার্থী শুভেন্দু অধিকারী পেয়েছেন ২৪ হাজার ৪৮৬ ভোট। অন্যদিকে মমতা বন্দ্যোপাধ্যায় পেয়েছেন ৩৮ হাজার ৩২৮ ভোট, ফলে এই আসনে তিনি এগিয়ে রয়েছেন।
তবে সপ্তম দফার গণনার আগেই শুভেন্দু মন্তব্য করেছিলেন, এখনো খুব কম সংখ্যক ইভিএম গণনা হয়েছে এবং এই প্রাথমিক ফলাফলকে বড় করে দেখার কিছু নেই। তার পর্যবেক্ষণ অনুযায়ী, হিন্দু ভোটারদের ইভিএমে বিজেপির পক্ষে ঝোঁক দেখা যাচ্ছে, আর মুসলিম অধ্যুষিত এলাকার ইভিএমে তৃণমূল কংগ্রেস এগিয়ে। যদিও তিনি এটাও বলেন, আগের মতো একপাক্ষিক ভোট একত্রিত হয়নি, বিশেষ করে ২০২১ ও ২০২৪ সালের নির্বাচনের তুলনায় পরিস্থিতি ভিন্ন।
তিনি আরও উল্লেখ করেন, মালদহ, মুর্শিদাবাদ এবং উত্তর দিনাজপুরের কিছু এলাকায় মুসলিমপ্রধান অঞ্চলে কংগ্রেসও কিছু ইভিএমে ভালো ফল করছে বলে প্রাথমিকভাবে দেখা যাচ্ছে।
ভবানীপুরের পাশাপাশি নন্দীগ্রাম কেন্দ্র থেকেও প্রতিদ্বন্দ্বিতা করছেন শুভেন্দু। সেখানে প্রথম দফার গণনা শেষে তিনি প্রায় তিন হাজার ভোটে এগিয়ে আছেন বলে দাবি করেন। তার ভাষায়, বিজেপি সরকার গঠনের পথে রয়েছে এবং এই প্রবণতা সেই ইঙ্গিতই দিচ্ছে। তিনি বলেন, তার প্রত্যাশা ছিল প্রায় ১ হাজার ১০০ ভোটের লিড, কিন্তু বাস্তবে তার চেয়ে অনেক বেশি ব্যবধানে এগিয়ে রয়েছেন।
ভোটের বুথভিত্তিক বিশ্লেষণ তুলে ধরে শুভেন্দু জানান, প্রথম দফায় ১৪টি মুসলিমপ্রধান বুথের বিপরীতে আটটি হিন্দুপ্রধান বুথে তিনি এগিয়ে আছেন। ভবানীপুরে পরবর্তী রাউন্ডগুলোতে তিনি ব্যবধান বাড়াতে পারবেন বলেও আত্মবিশ্বাস প্রকাশ করেন। তার মতে, দশম রাউন্ডের পর তাকে হারানো কঠিন হয়ে যাবে।
এই প্রাথমিক ফলাফল বিশ্লেষণ করে তিনি আরও দাবি করেন, রাজ্যে শাসনবিরোধী মনোভাব স্পষ্ট এবং হিন্দু ভোটারদের একটি বড় অংশ বিজেপির প্রতীক পদ্মের দিকে ঝুঁকেছে, যা তার দলের জন্য ইতিবাচক বার্তা বহন করছে।
