জাটকা সংরক্ষণ সপ্তাহের শুরু ১১ মার্চ
`ইলিশ হলো মাছের রাজা, জাটকা ধরলে হবে সাজা’- এ প্রতিপাদ্যে আগামী ১১ থেকে ১৭ মার্চ পর্যন্ত ‘জাটকা সংরক্ষণ সপ্তাহ-২০২৪’ উদযাপন করা হবে। বুধবার (২৮ ফেব্রুয়ারি) দুপুরে মৎস্য অধিদপ্তরের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এক সভায় মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী মো. আব্দুর রহমান এ তথ্য জানান।
প্রাণিসম্পদমন্ত্রীর সভাপতিত্বে জাটকা সংরক্ষণ সপ্তাহ-২০২৪ উদ্যাপনের লক্ষ্যে ইলিশ সম্পদ উন্নয়ন সংক্রান্ত জাতীয় টাস্কফোর্স কমিটির সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।
মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী বলেন, প্রতি বছরের মতো এ বছরও জাটকা সংরক্ষণ সপ্তাহ উপলক্ষে নানা কর্মসূচি গ্রহণ করা হবে। কর্মসূচির মধ্যে থাকবে ঢাকার বিভিন্ন গুরুত্বপূর্ণ মৎস্য অবতরণ কেন্দ্র, মাছের আড়ৎ, বাজারসহ জনাকীর্ণ স্থানে জাটকা সংরক্ষণের গুরুত্ব ও এ সংক্রান্ত আইন বিষয়ে প্রচার কার্যক্রম, গুরুত্বপূর্ণ স্থানে ভিডিও চিত্র প্রদর্শন, জাটকা সংরক্ষণে হাট-বাজার ও আড়তে মোবাইল কোর্ট এবং অভিযান পরিচালনা।
এছাড়া, জেলা ও উপজেলা পর্যায়ে নৌকাবাইচ, হা-ডু-ডু, সাঁতার ইত্যাদি ক্রীড়া প্রতিযোগিতা আয়োজন, জাটকা সমৃদ্ধ এলাকায় ভিডিওচিত্র প্রদর্শন ও ভ্রাম্যমাণ আদালত পরিচালনা, মৎস্যজীবী ও জেলেপল্লীতে সচেতনতা ও উদ্বুদ্ধকরণে পথনাটক, আঞ্চলিক ও লোকসংগীত পরিবেশন এবং জাটকা রক্ষায় জেলা-উপজেলা টাস্কফোর্স কমিটির মাধ্যমে বিশেষ অভিযান পরিচালনা করা হবে বলেও জানান মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী।
মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী মো. আব্দুর রহমান আগামী ১১ মার্চ চাঁদপুর সদর উপজেলা, চাঁদপুরে জাটকা সংরক্ষণ সপ্তাহ-২০২৪ এর উদ্বোধন করবেন।
