সেনাবাহিনী প্রধানের যুক্তরাষ্ট্র সফর
ছবি : সংগৃহীত
বাংলাদেশের সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান এক সরকারি সফরে যুক্তরাষ্ট্র গমন করেছেন। গতকাল (২৮ মার্চ) তিনি ঢাকা ত্যাগ করেন।
আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।
সফরকালে সেনাবাহিনী প্রধান জর্জিয়া স্টেট ক্যাপিটল-এর উদ্যোগে আয়োজিত একটি বিশেষ অনুষ্ঠানে যোগ দেবেন। সেখানে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে বাংলাদেশি শান্তিরক্ষীদের অসাধারণ অবদানের স্বীকৃতিস্বরূপ একটি সম্মাননা প্রস্তাব গ্রহণ করবেন তিনি।
এছাড়াও, যুক্তরাষ্ট্রের সিনেট চেম্বারে একটি বিশেষ লেকচার অনুষ্ঠানে উপস্থিত থাকবেন।
আইএসপিআর জানিয়েছে, এই সফরে সেনাবাহিনী প্রধানের মার্কিন যুক্তরাষ্ট্রের ঊর্ধ্বতন সামরিক ও বেসামরিক কর্মকর্তাদের সাথে দ্বিপাক্ষিক বৈঠকে অংশগ্রহণের পরিকল্পনা রয়েছে। এসব বৈঠকে দুই দেশের সামরিক সম্পর্কের আরও উন্নয়ন এবং পারস্পরিক সহযোগিতার বিভিন্ন বিষয়ে আলোচনা হবে বলে আশা করা হচ্ছে।
বাংলাদেশ সেনাবাহিনীর উন্নয়নে এবং জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে বাংলাদেশি শান্তিরক্ষীদের গৌরবময় অবদান সমুন্নত রাখতে এই সফর গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে মনে করেন সামরিক বিশেষজ্ঞরা। তারা বলছেন, এই সফরের মাধ্যমে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের সামরিক সম্পর্কের গভীরতা আরও বাড়বে।
