শিমুলিয়া-ইলিশা রুটে ‘কার্নিভাল ক্রুজ’ চালু
দেশের নদীপথে ভ্রমণে নতুন মাত্রা যোগ করতে মুন্সিগঞ্জের শিমুলিয়া টুরিস্ট ঘাট সংলগ্ন ফেরিঘাট থেকে ভোলার ইলিশার উদ্দেশ্যে ‘কার্নিভাল ক্রুজ’ নামের একটি ব্যতিক্রমধর্মী নৌ-সেবার আনুষ্ঠানিক যাত্রা শুরু হচ্ছে।আগামী ১৯ মার্চ (বৃহস্পতিবার) সকাল আনুমানিক ১০টায় এ সেবার উদ্বোধন করা হবে ।
বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ) সূত্রে জানা গেছে, এ ক্রুজের মাধ্যমে যাত্রীরা গাড়িসহ নদীপথে ভ্রমণের এক নতুন অভিজ্ঞতা পাবেন। আধুনিক সুযোগ-সুবিধা, উন্নত নিরাপত্তা ব্যবস্থা এবং বিভিন্ন বিনোদনমূলক আয়োজন থাকায় এটি পর্যটকদের কাছে আকর্ষণীয় হয়ে উঠবে বলে প্রত্যাশা সংশ্লিষ্টদের।
সংশ্লিষ্ট কর্তৃপক্ষ আরও জানায়, যাত্রীদের নিরাপত্তা ও সেবার মান নিশ্চিত করতে ইতোমধ্যে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। নির্ধারিত সময়ে উপস্থিত থেকে আগ্রহী যাত্রীদের এ সেবা গ্রহণের আহ্বান জানানো হয়েছে।
নদীমাতৃক বাংলাদেশের পর্যটন শিল্পে নতুন দিগন্ত উন্মোচন করবে এ উদ্যোগ—এমন আশাবাদ ব্যক্ত করে সংশ্লিষ্টরা বলেন, ‘কার্নিভাল ক্রুজ’ চালুর ফলে নদীপথে ভ্রমণ আরও জনপ্রিয় ও আকর্ষণীয় হয়ে উঠবে।
