ঈদুল ফিতরে গণমাধ্যমে ৫ দিন ছুটির দাবি ডিআরইউ’র
আসন্ন ঈদুল ফিতর উপলক্ষ্যে সংবাদপত্র পাঁচদিন ছুটি দেওয়ার দাবি জানিয়েছে ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ)।
চাঁদ দেখা সাপেক্ষ আগামী ২১ মার্চ বাংলাদেশে ঈদুল ফিতর উদযাপিত হতে পারে। সরকারি সিদ্ধান্ত অনুযায়ী, এবার ১৭ মার্চ থেকে ২৩ মার্চ একটানা সাত দিনের ছুটি পাচ্ছেন সরকারি চাকরিজীবীরা।
রোববার (৮ মার্চ) ডিআরইউ সভাপতি আবু সালেহ আকন ও সাধারণ সম্পাদক মাইনুল হাসান সোহেল এক বিবৃতিতে বলেন, এবার ঈদে সরকারি কর্মকর্তা-কর্মচারীরা ৭ দিনের দীর্ঘ ছুটি পাচ্ছেন। কিন্তু ঈদে সংবাদপত্র মাত্র ৩ দিনের ছুটি দেওয়া হয়, যা বৈষম্যমূলক। একইসঙ্গে এই সময়ে কোনো হকারও পত্রিকা বিক্রি করবে না। তাই আসন্ন ঈদুল ফিতরে সংবাদপত্র পাঁচদিন বন্ধ রাখার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে দাবি জানান নেতারা।
উল্লেখ্য, বিগত বছরের ঈদুল আজহায় ডিআরইউ’র দাবির পরিপ্রেক্ষিতে পাঁচদিন ছুটি ঘোষণা করা হয়। এজন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে ধন্যবাদ জানানো হয়েছে। তারই ধারাবাহিকতায় এবারো পাঁচদিন ছুটি ঘোষণার দাবি জানানো হচ্ছে।
