এবার এনআইডিতে যুক্ত হবে ডাক নাম
জাতীয় পরিচয়পত্র (এনআইডি) ও ভোটার নিবন্ধন প্রক্রিয়ায় স্বচ্ছতা আনতে এবং জালিয়াতি রোধে নতুন দুই পরিকল্পনা গ্রহণ করতে যাচ্ছে নির্বাচন কমিশন (ইসি)।
রোববার (৮ মার্চ) জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের মহাপরিচালক এ এস এম হুমায়ুন কবীর এসব তথ্য জানিয়েছেন।
নতুন পরিকল্পনাগুলোর মধ্যে এনআইডিতে ব্যক্তির মূল নামের পাশাপাশি ‘ডাক নাম’ যুক্ত করার প্রস্তাব রয়েছে। এছাড়াও, ভোটার নিবন্ধনের ক্ষেত্রে সংশ্লিষ্ট এলাকার সম্মানিত ব্যক্তির সুপারিশ বাধ্যতামূলক করার বিষয়টিও বিবেচনায় নেওয়া হচ্ছে।
আরও পড়ুন: দরজা খুলেই প্রধানমন্ত্রী বললেন, ‘চলেন যুদ্ধে যাই’
এনআইডি মহাপরিচালক বলেন, অপরাধীরা অনেক সময় পরিচয় গোপন করে এনআইডি তৈরি করে। ডাক নাম যুক্ত হলে কোনো ব্যক্তি সহজে পরিচয় লুকাতে পারবে না, যা নাগরিক শনাক্তকরণ প্রক্রিয়াকে আরও নির্ভুল করবে।
কমিশন বিদেশি বা রোহিঙ্গাদের ভোটার হওয়া ঠেকাতে কঠোর অবস্থান নিচ্ছে। মহাপরিচালক জানান, নিবন্ধন ফরম-২ তে ভোটারের এলাকার সম্মানিত ব্যক্তির সুপারিশ নেওয়ার জন্য একটি বিশেষ ঘর রাখা হচ্ছে। স্থানীয় প্রতিনিধি বা পরিচিত ব্যক্তিরা যাচাই করবেন আবেদনকারী ওই এলাকার কিনা।
বর্তমানে এনআইডিতে নাগরিকের নাম ও মা-বাবার নাম থাকলেও পারিবারিক বা স্থানীয়ভাবে পরিচিত নাম (ডাক নাম) ডেটাবেজে বিস্তারিতভাবে থাকে না। এই পরিবর্তন এনআইডি কার্ডের তথ্যকে আরও সমৃদ্ধ করবে এবং সুপারিশের বিষয়টি কার্যকর হলে ভোটার তালিকা হালনাগাদের কাজ আরও স্বচ্ছ হবে বলে আশা করছে ইসি।
