কেন্দ্রীয় শহিদ মিনার ঘিরে ডিএমপির নিরাপত্তা প্রস্তুতি
ছবি: সংগৃহীত
আসন্ন মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে রাজধানীর কেন্দ্রীয় শহিদ মিনার এলাকাকে ঘিরে নেওয়া হয়েছে বহুমাত্রিক নিরাপত্তা ও ট্রাফিক ব্যবস্থাপনার পরিকল্পনা।
বুধবার (১৮ ফেব্রুয়ারি) দুপুরে ডিএমপি হেডকোয়ার্টার্সের সম্মেলন কক্ষে আয়োজিত এক সমন্বয় সভায় সভাপতিত্ব করেন ডিএমপি কমিশনার শেখ মোঃ সাজ্জাত আলী।
তিনি বলেন, মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসকে ঘিরে কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা যাতে না ঘটে, সে বিষয়ে সংশ্লিষ্ট সবাইকে সর্বোচ্চ সতর্ক থাকতে হবে। গোয়েন্দা নজরদারি আরও জোরদারের নির্দেশও দেন তিনি।
সভায় ডিএমপির যুগ্ম পুলিশ কমিশনার (অপারেশনস্) মোহাম্মদ শহীদুল্লাহ, পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনের মাধ্যমে সার্বিক নিরাপত্তা পরিকল্পনা উপস্থাপন করেন। এতে কেন্দ্রীয় শহিদ মিনার ও আশপাশের এলাকায় স্তরভিত্তিক নিরাপত্তা বলয়, সিসিটিভি মনিটরিং, সাদা পোশাকে গোয়েন্দা সদস্য মোতায়েন, প্রবেশ ও প্রস্থান পথ নিয়ন্ত্রণ, এবং বিশেষ ট্রাফিক ডাইভারশন পরিকল্পনার বিষয়গুলো তুলে ধরা হয়।
সমন্বয় সভায় বিভিন্ন গোয়েন্দা সংস্থার প্রতিনিধি, ঢাকা বিশ্ববিদ্যালয়-এর প্রক্টর, সংস্কৃতি মন্ত্রণালয়, স্বাস্থ্য অধিদপ্তর, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন, ঢাকা ওয়াসা, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স-সহ সরকারের বিভিন্ন সেবামূলক প্রতিষ্ঠানের প্রতিনিধিরা অংশ নেন এবং নিজ নিজ দায়িত্বপালন সংক্রান্ত মতামত উপস্থাপন করেন।
অতিরিক্ত পুলিশ কমিশনার (অ্যাডমিন) মোঃ সরওয়ার (অতিরিক্ত আইজি) গোয়েন্দা বিভাগকে আগাম তথ্য সংগ্রহ ও সরবরাহে সক্রিয় থাকার নির্দেশ দেন। অন্যদিকে অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস্) এস এন মোঃ নজরুল ইসলাম বলেন, প্রত্যেকে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা পালন করলে দিবসটি শান্তিপূর্ণ ও মর্যাদাপূর্ণভাবে সম্পন্ন করা সম্ভব হবে।
সভায় ডিএমপির কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম, ডিবি, ট্রাফিক, লজিস্টিকস, প্রটেকশন অ্যান্ড ডিপ্লোমেটিক সিকিউরিটি, এস্টেট, ডেভেলপমেন্ট ও আইসিটি বিভাগসহ বিভিন্ন শাখার ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
ভাষা আন্দোলনের গৌরবময় স্মৃতিবাহী এই দিবসকে কেন্দ্র করে রাজধানীবাসীর নিরাপত্তা নিশ্চিত করতে ডিএমপি সর্বাত্মক প্রস্তুত রয়েছে বলে সভায় জানানো হয়।
