প্রধান উপদেষ্টার ফেসবুক পেজ বন্ধের ঘোষণা
ছবি : সংগৃহীত
অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার অফিসিয়াল ফেসবুক পেজ বন্ধ করে দেওয়ার ঘোষণা দেওয়া হয়েছে। বিদায়ী প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস দায়িত্ব ছাড়ার পর ‘Chief Adviser GOB’ নামের পেজটি আর সক্রিয় থাকবে না বলে জানানো হয়েছে।
সোমবার ১৮ ফেব্রুয়ারি পেজটিতে বাংলা ও ইংরেজিতে পৃথক বার্তার মাধ্যমে বিষয়টি নিশ্চিত করা হয়। সেখানে উল্লেখ করা হয়, অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার অফিসিয়াল পেজটি এখন থেকে আর পরিচালিত হবে না।
বার্তায় গত ১৮ মাসের সময়ে সবার সহযোগিতা, আগ্রহ ও অংশগ্রহণের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করা হয়েছে। বলা হয়, জনগণের সমর্থন, সহযোগিতা ও সমালোচনা পুরো যাত্রাপথকে আরও অর্থবহ ও সমৃদ্ধ করেছে।
এদিকে একই সময়ে নতুন সরকারের গঠন ও দায়িত্ব বণ্টন সংক্রান্ত প্রজ্ঞাপনও জারি হয়েছে। প্রধানমন্ত্রী হিসেবে তারেক রহমানের নিয়োগের গেজেট প্রকাশের পর নতুন মন্ত্রিসভা দায়িত্ব গ্রহণ করেছে এবং এর সঙ্গে সঙ্গে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদ বিলুপ্ত হয়েছে বলে গণ্য করা হয়েছে।
