শেরপুরের নকলায় বিদুৎস্পৃষ্টে দুই কৃষকের মৃত্যু
শেরপুরের নকলা উপজেলায় সেচ পাম্পের বৈদ্যুতিক তার মেরামতের সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুই কৃষকের মৃত্যু হয়েছে। একই ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও একজন কৃষক। মঙ্গলবার ১৭ ফেব্রুয়ারি বিকালে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন নকলা উপজেলার ৫ নম্বর বানেশ্বরদী ইউনিয়নের পুলাদেশী গ্রামের উমেদ আলীর ছেলে মিন্টু মিয়া (৪৫) এবং একই গ্রামের কুবেদ আলীর বড় ছেলে আঙুর মিয়া (৫০)। আহত সামিদুল ইসলাম (৬০) নামের আরেক কৃষককে গুরুতর অবস্থায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
নকলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডা. মালিহা নুজাত জানান, বিকাল সাড়ে ৫টার দিকে মিন্টু ও আঙুর নামে দুই ব্যক্তিকে হাসপাতালে আনা হলে তাদের মৃত ঘোষণা করা হয়। একই সময় গুরুতর আহত সামিদুল ইসলামকে প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহে পাঠানো হয়।
প্রত্যক্ষদর্শী রেজাউল করিম মিন্টুর ভাষ্য অনুযায়ী, বিকালে সামিদুল ইসলাম নিজের সেচ পাম্পের বৈদ্যুতিক তার মেরামতের সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে পড়ে যান। তাকে উদ্ধার করতে গিয়ে মিন্টু মিয়া ও আঙুর মিয়াও বিদ্যুৎস্পৃষ্ট হন। পরে স্থানীয়রা তিনজনকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে দুজনকে মৃত ঘোষণা করা হয়।
নকলা থানার ডিউটি অফিসার তরিকুল ইসলাম জানিয়েছেন, এ ঘটনায় সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করা হয়েছে। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রিপন চন্দ্র গোপ বলেন, বিদ্যুৎস্পৃষ্টে দুই কৃষকের মৃত্যুর ঘটনায় অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে।
