ঢাকায় দুই বাসের মাঝে চাপা পড়ে নিহত ১
প্রতীকী ছবি
রাজধানীর পল্টন থানার খদ্দার মার্কেটের সামনে দুই বাসের মাঝে চাপা পড়ে ইলিয়াস হোসেন (২৫) নামে এক বাস হেলপার নিহত হয়েছেন।
দুর্ঘটনাটি ঘটে মঙ্গলবার (২০ জানুয়ারি) সন্ধ্যা সাতটার দিকে। ইলিয়াস ভিক্টর পরিবহণে হেলপার হিসেবে কর্মরত ছিলেন। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, দুই বাসের মাঝে চাপা পড়ে গুরুতর আহত ইলিয়াসকে স্থানীয় লোকজন ও সহকর্মীরা উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেন। সেখানে রাত সাড়ে ১২টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
নিহত ইলিয়াস পটুয়াখালী জেলার কলাচিপা থানার চর বিশ্বাস গ্রামের আব্দুর রশিদ সরকারের ছেলে। তার বোন রোকসানা জানান, দুই বাসের মাঝে চাপা পড়ার পর তাকে ১০২ নম্বর ওয়ার্ডে ভর্তি করা হয়েছিল।
এ ঘটনায় আজমেরী পরিবহণ ও সংশ্লিষ্ট চালক বর্তমানে পল্টন থানা পুলিশের হেফাজতে রয়েছে। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ মোহাম্মদ ফারুক বিষয়টি নিশ্চিত করেছেন।
