কিশোর অটোরিকশা চালককে হত্যা, কাশবনে ৩৮ টুকরা কঙ্কাল
একটি অটোরিকশা। দাম মাত্র ৬২ হাজার টাকা। সেই টাকার লোভেই প্রাণ দিতে হলো ১৫ বছরের কিশোর চালক মিলন হোসেনকে। হত্যার পর মরদেহ ফেলে রাখা হয় কাশবনে; যেখানে সময়ের সঙ্গে সঙ্গে দেহ ভেঙে পড়ে ৩৮ টুকরা কঙ্কালে। প্রায় তিন মাস পর সেই কঙ্কাল উদ্ধারের মধ্য দিয়ে সামনে আসে এক নৃশংস হত্যাকাণ্ডের ভয়াবহ চিত্র।
পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) ঢাকা জেলা দীর্ঘ তদন্ত শেষে হত্যার রহস্য উন্মোচন করেছে। গ্রেপ্তার করা হয়েছে মূল হত্যাকারীসহ তিনজনকে, উদ্ধার করা হয়েছে লুণ্ঠিত অটোরিকশা।
গত বছরের ২৯ সেপ্টেম্বর বিকেলে অটোরিকশা নিয়ে গ্যারেজ থেকে বের হয় আশুলিয়ার কিশোর চালক মিলন হোসেন। রাত পেরিয়ে গেলেও সে আর বাড়ি ফেরেনি। ছেলের অপেক্ষায় থাকা মা মোসা. জোসনা বেগম থানায় নিখোঁজ জিডি করেন, পরে অপহরণ মামলা।
অবশেষে ১ ডিসেম্বর আশুলিয়া মডেল টাউনের আমিন হাউজিং এলাকায় কাশবনের ভেতর পাওয়া যায় মানুষের মাথার খুলি ও ছড়িয়ে থাকা হাড়। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পরনের গেঞ্জি ও জিন্স প্যান্ট দেখে নিখোঁজ ছেলের কঙ্কাল শনাক্ত করেন মা।
পিবিআইয়ের হাতে তদন্ত, বেরিয়ে আসে ভয়াবহ সত্য:
আদালতের নির্দেশে ১ জানুয়ারি থেকে মামলার তদন্তভার নেয় পিবিআই ঢাকা জেলা। তথ্যপ্রযুক্তি ও গোয়েন্দা তথ্য বিশ্লেষণ করে ১৬ জানুয়ারি সাভার ও গাজীপুরে বিশেষ অভিযান চালিয়ে গ্রেপ্তার করা হয় রনি মিয়া (২৪), এরশাদ আলী (৩৪) ও আবুল কালাম (৫২)।
প্রধান অভিযুক্ত রনি মিয়া জিজ্ঞাসাবাদে স্বীকার করে, নগদ টাকার প্রয়োজনে অটোরিকশা ছিনতাইয়ের পরিকল্পনা থেকেই এই হত্যাকাণ্ড।
গাঁজা সেবনের পর গলা চেপে হত্যা:
তদন্তে জানা যায়, ২৯ সেপ্টেম্বর সন্ধ্যায় আসামি সুমন ভাড়া করে মিলনের অটোরিকশা। আক্রান বাজার থেকে রনি মিয়াকে সঙ্গে নিয়ে তারা আশুলিয়ার কাশবনে যায়। সেখানে তিনজন মিলে গাঁজা সেবনের পর সুযোগ বুঝে কিশোর মিলনের গলা চেপে শ্বাসরোধ করে হত্যা করা হয়। মরদেহ কাশবনে ফেলে রেখে অটোরিকশা নিয়ে পালিয়ে যায় তারা।
৬২ হাজার টাকায় বিক্রি, রং বদলে চালানো:
হত্যার পর রাতেই অটোরিকশাটি ৬২ হাজার টাকায় বিক্রি করা হয়। টাকার ভাগাভাগিও হয়, একজন পায় ৪৪ হাজার, অন্যজন ১৮ হাজার। পরে অটোরিকশা আবার বিক্রি হয়, এমনকি রং পরিবর্তন করেও চালানো হয় গ্যারেজে। অবশেষে পিবিআইয়ের অভিযানে সেই অটোরিকশা উদ্ধার হয়।
আদালতে স্বীকারোক্তি:
গ্রেপ্তারকৃত আসামিরা আদালতে ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় জবানবন্দি দিয়েছে। তদন্ত কার্যক্রম এখনো চলমান বলছে পিবিআই।
