দ্বিতীয় দিনে আপিল শুনানিতে প্রার্থিতা পেলেন ৫৮ জন
ছবি: সংগৃহীত
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ঘিরে মনোনয়নপত্র বাছাইয়ে রিটার্নিং অফিসারের সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল শুনানির দ্বিতীয় দিনে ৫৮ জন প্রার্থিতা ফিরে পেয়েছেন। সেই সঙ্গে শুনানিতে ৭টি আবেদন নামঞ্জুর ও ৬টি আবেদন অপেক্ষমাণ রাখা হয়েছে।
দ্বিতীয় দিন আজ রোববার (১১ জানুয়ারি) নির্বাচন কমিশন ৭০ জনের আপিল শুনানি করেছে। এদিন শুনানি শেষে বিকেল ৫টায় ইসি থেকে এ তথ্য জানা যায়।
এর আগে শনিবার (১০ জানুয়ারি) রিটার্নিং কর্মকর্তাদের দেয়া সিদ্ধান্তের বিরুদ্ধে দায়ের করা আপিলের প্রথম দিনের শুনানি শেষে ৭০টি আবেদনের মধ্যে ৫২টি বৈধ ঘোষণা করা হয়। পাশাপাশি এদিন ১৫টি মনোনয়নপত্র বাতিল করা হয় এবং ৩টি স্থগিত রাখা হয়।
ইসি সূত্র জানায়, পর্যায়ক্রমে আপিল শুনানি চলবে। এরমধ্যে রোববার ৭১ থেকে ১৪০ নম্বর পর্যন্ত আপিল আবেদনের শুনানি সম্পন্ন হয়েছে। এরপর সোমবার (১২ জানুয়ারি) ১৪১ থেকে ২১০, মঙ্গলবার (১৩ জানুয়ারি) ২১১ থেকে ২৮০, বুধবার (১৪ জানুয়ারি) ২৮১ থেকে ৩৫০, বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) ৩৫১ থেকে ৪২০, শুক্রবার (১৬ জানুয়ারি) ৪২১ থেকে ৪৯০, শনিবার (১৭ জানুয়ারি) ৪৯১ থেকে ৫৬০ এবং শেষ দিনে রোববার (১৮ জানুয়ারি) ৫৬১ নম্বর থেকে অবশিষ্ট সব আপিলের শুনানি অনুষ্ঠিত হবে।
প্রার্থিতা ফিরে পেতে নির্বাচন কমিশনে মোট ৬৪৫টি আপিল আবেদন জমা পড়েছে। এরমধ্যে শুধু শেষ দিনেই (৯ জানুয়ারি) ১৭৬টি আপিল জমা পড়ে। গত ৫ থেকে ৯ জানুয়ারি পর্যন্ত এসব আপিল গ্রহণ করে নির্বাচন কমিশন।
তফসিল অনুযায়ী, প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ আগামী ২০ জানুয়ারি। পরদিন ২১ জানুয়ারি রিটার্নিং কর্মকর্তারা চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ ও প্রতীক বরাদ্দ দেবেন। পরবর্তীতে ২২ জানুয়ারি থেকে নির্বাচনি প্রচারণা শুরু হবে, যা চলবে ১০ ফেব্রুয়ারি সকাল সাড়ে ৭টা পর্যন্ত। সবশেষ ১২ ফেব্রুয়ারি সকাল সাড়ে ৭টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।
