স্বেচ্ছাসেবক দল নেতা মোসাব্বির হত্যা, গ্রেপ্তার ৪
ছবি: সংগৃহীত
রাজধানীর তেজতুরী বাজারে চাঞ্চল্যকর মো. আজিজুর রহমান মোসাব্বির হত্যায় জড়িত থাকার অভিযোগে চারজনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। তারা হলেন, জিন্নাত (২৪), মো. বিল্লাল, আব্দুল কাদির (২৮) ও মো. রিয়াজ (৩১)।
গত বৃহস্পতিবার (৭ জানুয়ারি) রাত সাড়ে ৮টার দিকে পশ্চিম তেজতুরী পাড়াস্থ হোটেল সুপার স্টারের পাশের গলিতে অজ্ঞাতনামা দুর্বৃত্তরা বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর উত্তরের সাবেক সাধারণ সম্পাদক মো. আজিজুর রহমান মোসাব্বিরকে (৪৪) গুলি করে হত্যা করে দুর্বৃত্তরা। মোসব্বির ছাড়াও ওই রাতে একই ঘটনায় সুফিয়ান বেপারী মাসুদ (৪০) নামে একজন গুলিতে আহত হয়েছেন। এ ঘটনায় নিহতের স্ত্রী বাদী হয়ে ৪ থেকে ৫ জন অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে তেজগাঁও থানায় একটি হত্যা মামলা করেন। মামলাটি নিবিড় তদন্তের জন্য ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে।
রোববার বিকেলে ডিএমপির মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনে জানানো হয়, ঘটনার পরপরই ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ ঘটনায় জড়িতদের শনাক্তকরণ, গ্রেপ্তার ও হত্যার মোটিভ উদঘাটনে কাজ শুরু করে। এরই প্রেক্ষিতে ডিবির কয়েকটি টিম ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজ সংগ্রহ ও বিশ্লেষণ এবং প্রত্যক্ষদর্শীদের দেওয়া তথ্য পর্যালোচনা করে ঘটনার সাথে জড়িতদের শনাক্ত করতে সক্ষম হয়।
পরবর্তীতে ডিবির একাধিক আভিযানিক দল শনিবার (১০ জানুয়ারি) ঢাকা, মানিকগঞ্জ, ময়মনসিংহ ও নেত্রকোণা জেলার বিভিন্ন স্থানে ধারাবাহিক অভিযান পরিচালনা করে এই হত্যাকাণ্ডের সাথে জড়িত দুই শ্যুটারের একজন জিন্নাত, মূল সমন্বয়কারী মো. বিল্লাল, ঘটনার পর আসামিদের আত্মগোপনে সহায়তাকারী আব্দুল কাদির ও ঘটনার আগেরদিন ঘটনাস্থল রেকিকারী মো. রিয়াজকে গ্রেপ্তার করে। এ সময় তাদের কাছ হত্যাকাণ্ডে ব্যবহৃত নম্বর প্লেট বিহীন একটি মোটরসাইকেল ও ছয় হাজার টাকা উদ্ধার করা হয়।
ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (ডিবি) মো. শফিকুল ইসলাম বলেন, এই ঘটনার প্রকৃত রহস্য উদঘাটনের জন্য কাজ করছে ডিবি। এছাড়া ঘটনায় ব্যবহৃত আগ্নেয়াস্ত্রের উৎস অনুসন্ধান এবং সেগুলো উদ্ধারে অভিযান অব্যাহত রয়েছে।
