আজ দূষিত বাতাসে বিশ্বে শীর্ষে ঢাকা
ছবি : সংগৃহীত
বিশ্বের সবচেয়ে দূষিত বাতাসের শহরের তালিকায় আবারও শীর্ষ অবস্থানে উঠে এসেছে ঢাকা। রোববার ১১ জানুয়ারি সকালে রাজধানীর এয়ার কোয়ালিটি ইনডেক্স বা একিউআই স্কোর রেকর্ড করা হয়েছে ২৭৯, যা বাতাসের মানের দিক থেকে ‘খুব অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচিত।
বায়ুদূষণের এই বৈশ্বিক তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে ভিয়েতনামের রাজধানী হ্যানয়, যেখানে একিউআই স্কোর ছিল ২৪৪। তৃতীয় অবস্থানে ভারতের দিল্লি, স্কোর ২১১। চতুর্থ স্থানে চীনের সিচুয়ান প্রদেশের রাজধানী চ্যাংডু, যার স্কোর ২০৪। তালিকার পঞ্চম স্থানে রয়েছে ভিয়েতনামের সবচেয়ে বড় শহর হো চি মিন সিটি, সেখানে একিউআই স্কোর ২০১।
প্রতিদিনের বাতাসের মান পরিমাপ করে তৈরি করা একিউআই স্কোরের মাধ্যমে একটি শহরের বাতাস কতটা নির্মল বা দূষিত, সে সম্পর্কে ধারণা পাওয়া যায়। একই সঙ্গে এটি জানায়, বাতাসের বর্তমান মান মানুষের স্বাস্থ্যের জন্য কোনো ঝুঁকি তৈরি করছে কি না।
একিউআই সূচক অনুযায়ী, ১০১ থেকে ১৫০ স্কোর হলে বাতাসকে সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর ধরা হয়। ১৫১ থেকে ২০০ হলে সেটি অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয়। ২০১ থেকে ৩০০ স্কোরকে বলা হয় খুব অস্বাস্থ্যকর, আর ৩০১ বা তার বেশি একিউআই হলে তা ঝুঁকিপূর্ণ পর্যায়ে পড়ে, যা মানুষের জন্য গুরুতর স্বাস্থ্যঝুঁকি তৈরি করতে পারে।
