এলপিজি ব্যবসায়ীদের ধর্মঘট প্রত্যাহার, বিক্রি শুরু
ছবি: সংগৃহীত
তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) ব্যবসায়ীদের ধর্মঘট প্রত্যাহার করা হয়েছে। বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের (বিইআরসি) চেয়ারম্যান জালাল আহমেদের সঙ্গে বৈঠক শেষে ধর্মঘট প্রত্যাহারের ঘোষণা আসে। ফলে আজ বৃহস্পতিবার থেকেই এলপি গ্যাস বিক্রি শুরু হয়েছে।
বৃহস্পতিবার (৮ জানুয়ারি) বিইআরসি কার্যালয়ে হওয়া বৈঠক শেষে ধর্মঘট প্রত্যাহারের ঘোষণা আসে।
এর আগে বুধবার সন্ধ্যায় সারা দেশের পরিবেশক ও খুচরা বিক্রেতাদের জন্য নোটিশ জারি করে ধর্মঘটের ডাক দিয়েছিল ব্যবসায়ী সমিতি।
এদিকে দেশে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) ক্রমবর্ধমান সংকট ও মূল্য অস্থিরতার প্রেক্ষাপটে আমদানি ও স্থানীয় উৎপাদন পর্যায়ে ভ্যাট ও ট্যাক্স পুনর্নির্ধারণের উদ্যোগ নেওয়া হয়েছে। একই সঙ্গে এলপি গ্যাস আমদানির ক্ষেত্রে ব্যাংকঋণ ও এলসি (ঋণপত্র) খোলার প্রক্রিয়া সহজীকরণেরও উদ্যোগ নেওয়া হয়েছে।
এর আগে আজ সকাল থেকে এলপিজি সিলিন্ডার বিক্রি বন্ধ রাখার ঘোষণা গতকাল বুধবার দেয় এলপি গ্যাস ব্যবসায়ী সমবায় সমিতি লিমিটেড। সমিতির পক্ষ থেকে বলা হয়, দাবি আদায় না হওয়া পর্যন্ত সারা দেশে এলপিজি সিলিন্ডার সরবরাহ ও বিক্রি বন্ধ রাখা হবে।
