সারা দেশে সিলিন্ডার গ্যাস বিক্রি বন্ধের ঘোষণা
ছবি : সংগৃহীত
সারা দেশে তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলপিজি) সিলিন্ডার বিক্রি ও সরবরাহ বন্ধের ঘোষণা দিয়েছে এলপি গ্যাস ব্যবসায়ী সমবায় সমিতি লিমিটেড। সংগঠনটির দাবি পূরণ না হওয়া পর্যন্ত এ কর্মসূচি চলবে বলে জানানো হয়েছে।
বুধবার (৭ জানুয়ারি) এক নোটিশের মাধ্যমে সমিতি জানায়, ৮ জানুয়ারি থেকে বাংলাদেশের সব এলপিজি বিপণন ও সরবরাহ কার্যক্রম স্থগিত থাকবে। একই সঙ্গে সব কোম্পানির প্ল্যান্ট থেকে গ্যাস উত্তোলনও বন্ধ রাখা হবে।
এর আগে বুধবার সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে সংবাদ সম্মেলন করে নিজেদের বিভিন্ন দাবি তুলে ধরেন এলপিজি ব্যবসায়ীরা। তারা জানান, বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) থেকে নতুন করে এলপিজি সিলিন্ডারের মূল্য সমন্বয় করতে হবে। পাশাপাশি প্রশাসনের মাধ্যমে পরিবেশকদের হয়রানি ও জরিমানা বন্ধের দাবিও জানান তারা। এসব দাবি ২৪ ঘণ্টার মধ্যে মানা না হলে অনির্দিষ্টকালের জন্য সারা দেশে এলপিজি সিলিন্ডার বিক্রি বন্ধের হুঁশিয়ারি দেওয়া হয়।
দাবি পূরণে নির্ধারিত সময়সীমার মধ্যে কোনো অগ্রগতি না হওয়ায় সন্ধ্যায় আনুষ্ঠানিকভাবে বিক্রি বন্ধের ঘোষণা দেয় সমিতি।
বুধবার রাত ১১টার দিকে এলপি গ্যাস ব্যবসায়ী সমিতির সভাপতি সেলিম খান গণমাধ্যমকে জানান, বৃহস্পতিবার সকাল থেকে এলপিজি সিলিন্ডার বিক্রি বন্ধ থাকবে। তিনি আরও বলেন, বৃহস্পতিবার বেলা ৩টায় বিইআরসির সঙ্গে তাদের একটি বৈঠক নির্ধারিত রয়েছে। ওই বৈঠকে দাবি মেনে নেওয়া হলে পুনরায় এলপিজি সিলিন্ডার বিক্রি শুরু হবে। অন্যথায় বিক্রি বন্ধের সিদ্ধান্ত বহাল থাকবে।
