৭২৩ প্রার্থীর মনোনয়ন বাতিল: কোন দলের কত?
ছবি: সংগৃহীত
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থীদের মনোনয়নপত্র যাচাই-বাছাই করে এ পর্যন্ত ৩০০ আসনের বিপরীতে সারাদেশে অন্তত ৭২৩ জনের প্রার্থিতা বাতিল করেছেন নির্বাচন কমিশনের দায়িত্বপ্রাপ্ত রিটার্নিং কর্মকর্তারা। বর্তমানে বৈধ প্রার্থীর সংখ্যা এক হাজার ৮৪২ জন।
গতকাল রবিবার (৪ জানুয়ারি) বিকেল পর্যন্ত এ যাচাই-বাছাইয়ের শেষ সময় ছিল। আজ সোমবার (৫ জানুয়ারি) থেকে মনোনয়ন বাতিল হওয়া সংক্ষুব্ধ প্রার্থীরা নিজেদের নিজেদের অবস্থানের পক্ষে নির্বাচন কমিশনে আপিল করতে পারবেন।
প্রাথমিক তথ্য অনুযায়ী জানা গেছে, যাচাই-বাছাইয়ে জাতীয়তাবাদী দল বিএনপির ২৭ জন প্রার্থীর মনোনয়নপত্র বা প্রার্থিতা বাতিল ঘোষণা করা হয়েছে। অন্যদিকে, বাংলাদেশ জামায়াতে ইসলামীর ৯, জাতীয় পার্টির ৫৭ ও ইসলামী আন্দোলন বাংলাদেশের ৪১ জনের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে।
ইসির সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, নিজ আসনের ১ শতাংশ ভোটারের স্বাক্ষর সংক্রান্ত ঘাটতি, তথ্যের অমিল ও ঘাটতি, দ্বৈত নাগরিকত্ব, হলফনামায় স্বাক্ষর না করা, আয়কর বিবরণী সঠিকভাবে জমা না দেওয়া, দলীয় প্রত্যয়ন না থাকাসহ বেশকিছু কারণে এসব প্রার্থিদের মনোনয়নপত্র বাতিল হয়েছে।
আরও জানা গেছে, বর্তমানে ৯টি আসনে ২ জন করে এবং ২২টিতে তিনজন করে বৈধ প্রার্থী রয়েছেন। এছাড়া অবশিষ্ট আসনগুলোতে প্রার্থী সংখ্যা তিনজনের বেশি। অন্যদিকে, বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার প্রয়াণে ফেনী-১, বগুড়া-৭ ও দিনাজপুর-৩ আসনে তার মনোনয়নপত্র যাচাই-বাছাই করা হয়নি।
উল্লেখ্য, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ২৯ ডিসেম্বর ছিল মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন। ইসি জানিয়েছে, সারা দেশে ৩০০ আসনে ৩ হাজার ৪০৬টি মনোনয়নপত্র সংগ্রহ করা হয়েছিল। তবে জমা পড়েছিল দলীয় ও স্বতন্ত্র মিলিয়ে মোট ২ হাজার ৫৬৮টি মনোনয়নপত্র। এর মধ্যে বিএনপি, জামায়াতে ইসলামী, জাতীয় নাগরিক পার্টিসহ (এনসিপি) ৫১টি নিবন্ধিত রাজনৈতিক দলের ২ হাজার ৯০ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দেন। বাকি ৪৭৮ জন স্বতন্ত্র প্রার্থী।
মনোনয়নপত্র গ্রহণ বা বাতিল আদেশের বিরুদ্ধে আপিলগুলো ১০ থেকে ১৮ জানুয়ারির মধ্যে নিষ্পত্তি করবে ইসি। প্রার্থিতা প্রত্যাহার করার শেষ সময় ২০ জানুয়ারি। এরপর চূড়ান্ত প্রার্থীর সংখ্যা জানা যাবে। ২১ জানুয়ারি প্রার্থীদের প্রতীক বরাদ্দ করবেন রিটার্নিং কর্মকর্তারা। এর পর থেকে শুরু হবে নির্বাচনী প্রচার। ভোট গ্রহণ হবে আগামী ১২ ফেব্রুয়ারি। একই দিন জুলাই জাতীয় সনদ বাস্তবায়নে গণভোটও হবে।
