খালেদা জিয়ার মৃত্যুতে নয়াপল্টনে কান্নার রোল, চলছে কোরআনখানি
ছবি: সংগৃহীত
বিএনপি চেয়ারপারসন এবং সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার মৃত্যুর সংবাদে নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয়ে জড়ো হচ্ছেন নেতাকর্মীরা। প্রিয় নেত্রীর মৃত্যুতে কান্নার রোল পড়েছে তাদের মধ্যে। অনেকেই হাউমাউ করে কাঁদছেন। আবার কেউ স্তব্ধ হয়ে দাঁড়িয়ে আছেন প্রিয় নেত্রীর স্মরণে।
মঙ্গলবার (৩০ ডিসেম্বর) খালেদা জিয়ার মৃত্যুর সংবাদের পর থেকেই কোরআন খতম শুরু হয়েছে। উত্তোলন করা হয়েছে কালো পতাকা। সকাল থেকেই নেতাকর্মীরা নয়াপল্টন কার্যালয়ের সামনে জড়ো হয়ে প্রিয় নেত্রীর আত্মার মাগফিরাত কামনায় দোয়া ও মোনাজাত করছেন।
উল্লেখ্য, উল্লেখ্য, সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া মঙ্গলবার ভোর ৬টায় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
বিএনপির ভেরিফায়েড ফেসবুক পেজে দেয়া এক পোস্টে জানানো হয়, ‘বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া আজ সকাল ৬টায়, ফজরের নামাজের ঠিক পরে ইন্তেকাল করেছেন। আমরা তার রূহের মাগফিরাত কামনা করছি এবং সবার কাছে দোয়া চাইছি।’
মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮০ বছর। এ সময় হাসপাতালে তার বড় ছেলে ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানসহ পরিবারের নিকটাত্মীয়রা উপস্থিত ছিলেন।
