সেন্ট মার্টিনগামী পর্যটকবাহী জাহাজে অগ্নিকাণ্ড
ছবি : সংগৃহীত
কক্সবাজারের নুনিয়াছড়া এলাকায় বিআইডব্লিউটিএ ঘাটসংলগ্ন বাঁকখালী নদীতে সেন্ট মার্টিনগামী একটি পর্যটকবাহী জাহাজে আগুন লাগার ঘটনা ঘটেছে। শনিবার (২৭ ডিসেম্বর) সকাল সাড়ে ৬টার দিকে জাহাজটির ভেতর থেকে ধোঁয়া বের হতে দেখে স্থানীয়রা বিষয়টি টের পান।
অগ্নিকাণ্ডের শিকার জাহাজটির নাম ‘দ্যা আটলান্টিক ক্রুজ’। সেন্ট মার্টিন পর্যটকবাহী জাহাজ মালিকদের সংগঠন সি ক্রুজ অপারেটর ওনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের সাধারণ সম্পাদক হোসাইন ইসলাম বাহাদুর আগুন লাগার বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, আগুন লাগার পরপরই জাহাজে থাকা কর্মীরা দ্রুত প্রাথমিক ব্যবস্থা নিয়ে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেন। পরে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি পুরোপুরি নিয়ন্ত্রণে আনে। এই ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
আগুন লাগার সঠিক কারণ এখনও নিশ্চিত হওয়া যায়নি। তবে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, জাহাজের ইঞ্জিন কক্ষ বা বৈদ্যুতিক লাইনের ত্রুটি থেকে আগুনের সূত্রপাত হতে পারে। ঘটনাস্থলে পুলিশ, নৌপরিবহন কর্তৃপক্ষ এবং সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত রয়েছেন। জাহাজটি নিরাপদভাবে সরিয়ে নেওয়ার প্রক্রিয়াও চলমান রয়েছে।
এ ঘটনায় সেন্ট মার্টিনগামী পর্যটকদের নিরাপত্তা ও পরবর্তী যাত্রা চালু থাকবে কিনা—সে বিষয়ে পরে সিদ্ধান্ত জানানো হবে বলে জানিয়েছে জাহাজ কর্তৃপক্ষ।
