শরিফ ওসমান হাদি মারা গেছেন
ছবি : সংগৃহীত
সিঙ্গাপুরে চিকিৎসাধীন ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান হাদি আর নেই। বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) দিবাগত রাতে তার মৃত্যুর খবর নিশ্চিত করেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা। রাত ৯টা ৪৬ মিনিটে ইনকিলাব মঞ্চ তাদের ফেসবুক পেজেও এ তথ্য জানায়।
এর আগে গত শুক্রবার (১২ ডিসেম্বর) দুপুরে ঢাকার পল্টন এলাকায় গুলিবিদ্ধ হলে প্রথমে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। পরে অবস্থার অবনতি হলে এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয় এবং সেখানেই তিনি চিকিৎসাধীন ছিলেন।
রোববার (১৪ ডিসেম্বর) প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের নির্দেশে একটি জরুরি কল কনফারেন্স অনুষ্ঠিত হয়। এতে সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী, প্রধান উপদেষ্টার স্বাস্থ্য মন্ত্রণালয় বিষয়ক বিশেষ সহকারী অধ্যাপক ডা. মো. সায়েদুর রহমান, এভারকেয়ার হাসপাতালের বিশেষজ্ঞ চিকিৎসক ডা. জাফর এবং ওসমান হাদির ভাই ওমর বিন হাদি অংশ নেন। ওই বৈঠকে উন্নত চিকিৎসার জন্য তাকে সিঙ্গাপুরে পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয়।
সিদ্ধান্ত অনুযায়ী সোমবার (১৫ ডিসেম্বর) এয়ার অ্যাম্বুলেন্সে করে তাকে সিঙ্গাপুরে নেওয়া হয়। সেখানে পৌঁছানোর প্রায় এক ঘণ্টার মধ্যে তাকে সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসকরা তখন তার মাথায় জরুরি অস্ত্রোপচারের প্রয়োজনের কথা জানান।
বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) পরিবার অস্ত্রোপচারের অনুমতি দেয় বলে জানানো হয়। একই সময় ওসমান হাদির ভেরিফায়েড ফেসবুক পেজের একটি এডমিন পোস্টে তার অবস্থা জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে বলে উল্লেখ করে দেশবাসীর কাছে দোয়া চাওয়া হয়। পোস্টে আরও বলা হয়, তিনি যদি শহীদের কাতারে শামিল হন, তবে স্বাধীনতাকামী জনতাকে শাহবাগে জড়ো হওয়ার আহ্বান জানানো হবে এবং খুনিদের গ্রেফতার না হওয়া পর্যন্ত সেখানে অবস্থানের ঘোষণা দেওয়া হয়। পাশাপাশি দেশ অচল করে দেওয়ার হুঁশিয়ারি এবং খুনি ভারতে পালিয়ে গেলে তাকে ফিরিয়ে আনার দাবিও জানানো হয়।
এর আগে বুধবার রাতে প্রধান উপদেষ্টার ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টে জানানো হয়েছিল, সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের সম্ভাব্য প্রার্থী শরিফ ওসমান হাদির শারীরিক অবস্থা অত্যন্ত সংকটাপন্ন।
